২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি শেষে ফের সরগরম সংস্কৃতি অঙ্গন

কোরবানির ঈদের ছুটি শেষে আবারও মুখরিত হয়ে উঠছে রাজধানীর সংস্কৃতি অঙ্গন; জাতীয় নাট্যোৎসব আয়োজনের ডামোডালে শিল্পকলা একাডেমির মঞ্চে আসছে নতুন নাটক, থাকছে নাটক বিষয়ক সেমিনার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 07:17 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

নাট্যোৎসব ছাড়াও বেশ কয়েকটি নতুন নাটকের কারিগরি মঞ্চায়ন, নৃত্যনাট্য ও নৃত্য বিষয়ক কর্মশালাসহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও এসবের প্রস্তুতি নিয়ে ঈদের পর থেকে ব্যস্ত সময় পার করছেন সংস্কৃতি কর্মীরা।

জাতীয় নাট্যোৎসব

‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শিরোনামে ২৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যৌথভাবে এই উৎসবের আয়োজন করছে। নাট্যোৎসবে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও আতাউর রহমানের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে- হবিগঞ্জের ‘জীবন সংকেত’ নাট্যদলের প্রযোজনা ‘জ্যোতিসংহিতা’, সিরাজগঞ্জের ‘নাট্যলোক’ প্রযোজনা ‘নারী নসিমন’।

রাজধানী সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং নাটক স্মরণীর (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চগুলোকে উৎসবের ভেন্যু করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে।

‘অলিখিত উপাখ্যান’র কারিগরি মঞ্চায়ন

সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূলমঞ্চে মঞ্চস্থ হল নাট্যদল বাতিঘরের নতুন নাটক ‘অলিখিত উপাখ্যান’।

Image
‘অলিখিত উপাখ্যান’র পোস্টার

‘অলিখিত উপাখ্যান’র পোস্টার

কথাশিল্পী রিজিয়া রহমানের উপন্যাস অবলম্বনে এটি বাতিঘরের দ্বিতীয় প্রযোজনা।

নাটকটির মঞ্চরুপ ও নাট্যনির্দেশনা দিয়েছেন তরুণ নাট্যকার মুক্তনীল। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এই নাটকে কথকের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন।

নাটকটির গল্প ব্রিটিশ শাসনামলের। এ গল্পের কেন্দ্রীয় চরিত্র ‘রহিমউল্লাহ’।

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এক বিপ্লবী অনালোচিত চরিত্র তিনি। সুন্দরবনের মোরেলগঞ্জে অত্যাচারীদের বিরুদ্ধে তিনি গড়ে তুলেছিলেন প্রতিরোধ।

চাষিদের দিয়ে জোর করে জঙ্গল কেটে আবাদ করানোর প্রতিবাদে সোচ্চার হয়েছিল তার কণ্ঠস্বর। কিন্তু অবশেষে প্রাণ হারাতে হয় সাহসী এই বিপ্লবীকে।

জীবদ্দশায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন রহিমউল্লাহ। মোরেলগঞ্জে মার্গারেট এবং তার দুই ছেলে রবার্ট ও হেনরির চালিয়ে যাওয়া নির্যাতনের কথা লেখার অনুরোধ জানান।

তবে বঙ্কিমচন্দ্র সে সময় ব্রিটিশরাজের অধীন ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে এ বিষয়ে কিছু লিখতে পারেননি। পরবর্তী সময়ে রহিমউল্লাহর মৃত্যু অনুতপ্ত করে বঙ্কিমকে। সেই অন্তর্দহন থেকেই ঘটনাটি ডায়েরিতে তুলে ধরেন।

সেখানে উল্লেখিত তথ্যের ভিত্তিতে রিজিয়া রহমান লিখেছিলেন ‘অলিখিত উপাখ্যান’ নামের উপন্যাস। আর উপন্যাসটিকে উপজীব্য করেই এই নাটক।

নাটকে রহিমউল্লাহ চরিত্রে রূপ দিয়েছেন স্মরণ বিশ্বাস। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারানা তাবাসসুম, মনিরুজ্জামান ফিরোজ, সাফিন আহম্মেদ, সাদ্দাম রহমান, পান্থ আফজাল প্রমুখ।

ভাবনার নৃত্যনাট্য ‘শকুন্তলা’

কবি কালিদাস কবিতা লেখার পাশাপাশি নাটক রচনায়ও সিদ্ধহস্ত ছিলেন। ‘অভিজ্ঞানা শকুন্তলম’ নামে তার রচিত নাটকের নির্যাসে এবার নির্মিত হয়েছে শকুন্তলা শিরোনামে নৃত্যনাট্য।

Image
নাচের দল ‘ভাবনা’র প্রযোজনায় নৃত্যনাট্য ‘শকুন্তলা’র মহড়ার একটি মুহূর্ত

নাচের দল ‘ভাবনা’র প্রযোজনায় নৃত্যনাট্য ‘শকুন্তলা’র মহড়ার একটি মুহূর্ত

নৃত্যনাট্যটি মঞ্চে নিয়ে আসছে নাচের দল ভাবনা। প্রযোজনাটির পরিচালনায় রয়েছেন সামিনা হোসেন প্রেমা।

শুক্রবার সন্ধ্যায় নৃত্যনাট্যটি পরিবেশিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।

নৃত্যনাট্যটি প্রসঙ্গে ভাবনার পরিচালক সামিনা হোসেন প্রেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিজ্ঞানা শকুন্তলম- নাটকটি ঘটনাবহুল, এর মাঝে রয়েছে অনেক বার্তা। সে কারণেই সংস্কৃত ভাষার ওই নাটকের নির্যাস নিয়ে নির্মিত হয়েছে নৃত্যনাট্যটি।”

পুরো পরিবেশনায় অংশ নেবে এদেশের ২৫ থেকে ৩০ জন নৃত্যশিল্পী। এছাড়া শকুন্তলা প্রযোজনাটির ‘সবচেয়ে আকর্ষণীয়’ বিষয়টি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। নজরুলের নয়টি গান ব্যবহার করা হয়েছে এই নৃত্যনাট্যে। মণিপুরিভিত্তিক হলেও কত্থক, ছৌ, রাইবেশেসহ বেশকিছু শাস্ত্রীয় নাচের সম্মিলন থাকবে এই পরিবেশনায়। সব মিলিয়ে প্রযোজনাটিতে মিলবে নতুনত্বের সন্ধান।

পুরো নৃত্যনাট্যের জন্য কাজ করেছেন ঢাকা ও কলকাতার একঝাঁক শিল্পী। নজরুলের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শিল্পী খায়রুল আনাম শাকিল ও প্রিয়াঙ্কা গোপ। এ ছাড়া সম্মিলিত গানে কণ্ঠ দিয়েছেন এদেশের একদল তরুণ কণ্ঠশিল্পী।

এছাড়াও গান করেছেন কলকাতার শীর্ষ রায় ও সুমন সরকার। সুমনের সঙ্গীত পরিচালনায় নৃত্যনাট্যের পোশাক পরিকল্পনা করেছেন তাহসিনা শাহিন। জয়ন্ত চট্টোপাধ্যায়ের সহায়তায় চিত্রনাট্য লিখেছেন আলোময় বিশ্বাস। দর্শনীর বিনিময়ে দর্শকরা উপভোগ করতে পারবেন নৃত্যনাট্যাটি।

উদীচীর সপ্তাহব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা

সপ্তাহব্যাপী নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের নাটক ও নৃত্য বিভাগ।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টনে মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের ছয়তলায় উদ্বোধন হবে এ কর্মশালা।

প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ কর্মশালার ক্লাস। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন কামরুল হাসান ফেরদৌস।

উদীচী কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক কংকন নাগ জানান, এবারের কর্মশালায় মূলত ভরত নাট্যম এবং লোকনৃত্যের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। নৃত্য শিল্প বিষয়ে আরও ভালো করে জানা এবং এর চর্চা বৃদ্ধিই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

উদীচী কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্ধারিত ফির বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর।