২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বর্জ্য সরানোর চেষ্টা

কোরবানির বর্জ্য অপসারণে ৪৮ ঘণ্টার অভিযানে ঈদের পরদিন রাজধানী ঢাকা অনেকটাই পরিচ্ছন্ন করে আনা গেছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 07:59 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

তারা বলছেন, বুধবার বিকাল নাগাদ রাজধানীর অধিকাংশ এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য  সরানো হয়েছে। প্রতিশ্রুত ৪৮ ঘণ্টার  মধ্যেই নগরী কোরবানির বর্জ্যমুক্ত হবে বলে তারা আশা করছেন।

বুধবার রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে বেশিরভাগ রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা গেছে।

দুপুরে কয়েকটি এলাকা আর পশুর হাটে কিছু বর্জ্য দেখা গেলেও পুরোদমে চলছিল তা সরানোর কাজ।

গোপীবাগের সাদেক হোসেন খোকা মাঠে দুপুরে দেখা যায়, সড়ক থেকে বর্জ্য সরানোর কাজ চলছে। হাটের শামিয়ানা এবং বাঁশের খুঁটি সরানো হচ্ছে।

শাহজাহানপুরের মৈত্রী সংঘের মাঠে গিয়ে দেখা যায়, সেখানকার বাঁশের খুঁটি সরানো হয়েছে; আবর্জনা পরিষ্কার করা হয়নি।

মাঠের বাইরে শাহজাহানপুর রেলওয়ে কলোনির সব ফাঁকা জায়গায়ও পশু বিক্রির জন্য রাখা হয়েছিল।

বুধবার দুপুরেও সেখানকার সব ভবনের সামনের খালি জায়গায় এবং সড়কে আবর্জনা ছিল।

স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, মাঠের বাইরে হাটের অনুমতি না থাকলেও তা কেউ মানেনি।

দুপুর নাগাদ রামপুরার ডিআইটি রোডে আবর্জনা দেখা যায়নি। সড়কে ছিটানো ছিল ব্লিচিং পাউডার। অলিগলিও ছিল পরিচ্ছন্ন। খিলগাঁও এলাকা ঘুরেও সড়কে তেমন আবর্জনা দেখা যায়নি।

গুলশান, বনানী ও বারিধারা এলাকার রাস্তাঘাটও দুপুরের মধ্যেড় পরিচ্ছন্ন হয়ে যায়।

কোরবানির পশুর তেমন বর্জ্য চোখে পড়েনি কুড়িল, নর্দ্দা ও জগন্নাথপুর এলাকার অলিগলিতে। সেখানকার প্রধান সড়কের কয়েকটি জায়গায় ডাস্টবিনের পাশে বর্জ্য রাখা ছিল।।

ফার্মগেইট, খামারবাড়ি ও শ্যামলী এলাকা ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতার সুফল চোখে পড়েছে।

তবে উত্তর বাড্ডা খানবাগ মসজিদ গলিতে বর্জ্য অপসারণ করতে কেউ আসেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

দুপুরেও খানবাগ মসজিদের সামনে থেকে ঝিলপাড় পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় কোরবানির পশুর উচ্ছিষ্ট ও চাটাই পড়ে ছিল। সেখাকার কয়েকটি বাড়ির মালিক কিছু কিছু জায়গায় ব্লিচিং পাউডার দিলেওদুর্গন্ধ ছড়াচ্ছিল।

একটি বাড়ির প্রহরী মারুফ হোসেন বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এলেও আবর্জনা পরিষ্কার করেনি।

“আমাগো বাড়িওয়ালা বলছিল ময়লা নিতে। কিন্তু তারা বলছে, টাকা ছাড়া ময়লা নিবে না। এগুলা নাকি হেগো কাজ না,” বলেন মারুফ।

উত্তরে ৫ হাজার টন বর্জ্য অপসারণ

ঈদের দিন থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে পাঁচ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি অনেক আশাব্যঞ্জক। দুপুর ১টা পর্যন্ত (প্রথম ২৪ ঘণ্টায়) পাঁচ হাজার টন বর্জ্য ডাম্পিং গ্রাউন্ডে নেওয়া হয়েছে।

“আমাদের অগ্রগতি বেশ ভালো। আশা করি, নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণ করতে পারব।”

কোরবানির দ্বিতীয় দিনেও কোথাও কোথাও পশু জবাই হচ্ছে জানিয়ে তিনি বলেন, “যারা জবাই করছেন তারা নিজেরাই অনেক ক্ষেত্রে বর্জ্য পলিথিন ব্যাগে করে সিটি করপোরেশনের কন্টেইনারে রেখে আসছেন।

“আমি কুড়িল থেকে ঘুরে বাড্ডা, রামপুরা, মগবাজার, রাজাবাজার, মোহাম্মদপুর হয়ে এখন গাবতলীর টেকনিক্যাল এলাকায় আছি। এসব এলাকার কোথাও অব্যবস্থাপনা দেখিনি।”

কোথাও আবর্জনা থাকলে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগে যোগাযোগের পরামর্শও দেন তিনি।

দক্ষিণ সরিয়েছে ৯ হাজার টন

বুধবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রায় ৯ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে বলে প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল জানিয়েছেন।

তিনি বলেন, “এবার প্রায় ১২ হাজার টন কোরবানির বর্জ্য তৈরি হয়েছে ঢাকা দক্ষিণে, যার অধিকাংশই ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।

“বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বাকি বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করা সম্ভব হবে বলে আশা করছি।”

পরিচ্ছন্নতাকাজে নিয়মিত এবং অস্থায়ী মিলিয়ে প্রায় আট হাজার কর্মী নিয়োজিত রয়েছেন বলে জানান তিনি।