লঞ্চ না পেয়ে রাত কাটছে সদরঘাটে
সন্ধ্যার লঞ্চ ধরে রাতভর যাত্রা শেষে সকালেই গন্তব্যে গিয়ে প্রিয়জনের মুখ দেখতে পাবেন- এমনটাই ভেবেছিলেন অনেক ঈদযাত্রী। কিন্তু রাজধানীর সদরঘাটে পৌঁছানোর আগেই ছেড়েছে লঞ্চ; কেউ কেউ যথাসময়ে এসেও উঠতে পারেন নি।
ঈদের আগে ছুটি শুরুর দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যার লঞ্চ ধরতে পারেন নি ভোলা ও পটুয়াখালীর কয়েকটি গন্তব্যের এমন অনেক যাত্রী; তাদের গন্তব্যে রাতেও কোনো লঞ্চ না থাকায় বাধ্য হয়ে সকালের লঞ্চ ধরতে ঘাটের পন্টুনেই রাত কাটাবেন তারা।
শনিবার রাত ৯টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে পন্টুনে এমন অনেককেই বিছানা করে শুয়ে থাকতে দেখা যায়।
ঈদের ছুটিতে নিক্সন চন্দ্র সাহা যাবেন ভোলার হাতিয়া, আরিফ মাহমুদ যাবেন পিরোজপুরের রাঙাবালি আর কুহিনুর ও সালমা যাবেন ভোলার বেতুয়া। এদের কেউ পোশাককর্মী, কেউবা চাকরিজীবী আর কেউ কেউ ছাত্র।
ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন কুহিনুর ও সালমা; যাবেন বেতুয়া।
এই দুই নারী শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসে ভোলার লঞ্চটি ধরতে পারেন নি। রাতে লঞ্চ নেই, তাই তারা দুজন পন্টুনেই রাত কাটাবেন।
তাদের মতো শতাধিক যাত্রী লঞ্চ না পেয়ে পন্টুনে অপেক্ষা করছেন, রাতে পন্টুনেই কাটাবেন তারা। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
বিআইডাব্লিউটিএর পরিদর্শক পরিদর্শক সৈয়দ মাহফুজুর রহমান বলেন, ভোলার বেতুয়া ও হাতিয়া, পটুয়াখালীর কালাইয়া ও রাঙাবালির লঞ্চ সন্ধ্যা ৭টার পরে আর ছাড়া হয় না। তবে ভোরে এই চারটি রুটের লঞ্চ ছাড়া হবে।
ঈদের সময় প্রতিরাতেই এভাবে মানুষ পন্টুনে কাটায় জানিয়ে তিনি বলেন, বরিশাল, চাঁদপুরসহ অন্যান্য রুটে রাত সাড়ে ১২টা পর্যন্ত লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়।
এদিকে ঈদ মৌসুমে পন্টুনে রাত কাটানো যাত্রীদের জন্য পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করে থাকে বলে জানান কোতয়ালি থানার ওসি আবুল হোসেন।
এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে লঞ্চ না পেয়ে বেশ কিছু যাত্রী পন্টুনে অপেক্ষা করে। তাই পুলিশ রাতে তাদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে থাকে। এখনও ব্যক্তিক্রম হবে না।”
রাতে সদরঘাটে একজন সহকারীর কমিশনারের নেতৃত্বে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান কোতয়ালির ওসি হাসান।
রাত ৯টা পর্যন্ত ৯৪টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়, আরও ১৫টি অপেক্ষা করছে বলে জানান বিআইডব্লিটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন।
গতকাল ১০৮টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায় জানিয়ে তিনি বলেন, শনিবার ভোরে ঈগল-৩ লঞ্চে ধাক্কায় ৬ ও ৭ নম্বর পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই দুই পন্টুন মেরামত করতে হওয়ায় সেগুলো দিয়ে যাত্রী চলাচল সারা দিন বন্ধ থাকে।
চাঁদপুর যাত্রীদের জন্য লালকুঠি ঘাট, পিরোজপুরের জন্য ওয়েজঘাট আর বরিশালের যাত্রীর জন্য মূল টার্মিনাল নির্ধারণ করায় যাত্রীর চাপ তেমন একটা দেখা যায় নি বলে জানান বিআইডব্লিটিএর যুগ্ম পরিচালক জয়নাল।
এদিকে শনিবার ভোরে দুই পন্টুনের মাঝে পড়ে সিয়াম নামে চার বছর বয়সী এক শিশু মারা যায়।
শনিবারে ছাদে যাত্রী উঠানোর অপরাধে গাজী সালাউদ্দিন লঞ্চ কর্তৃপক্ষকে তিন হাজার টাকা আর সঠিক মতো পন্টুনে লঞ্চ না ভেড়ানোর অপরাধে সম্পদ লঞ্চের মাস্টারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
সুন্দরবন গ্রুপের মহাব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু বলেন, শনিবার তারা তেমন যাত্রী পাননি। ঈদের যেভাবে যাত্রী পাওয়ার কথা সেভাবে আসছে না যাত্রী।
তবে রোববার যাত্রী নামবে বলে আশা করছেন ঝন্টু।
নিরাপত্তার জন্য সদরঘাটের ১৪টি জায়গায় ৩২টি সিসি ক্যামেরা বসানোর কথা জানিয়েছেন যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন।
ঈদের প্রতিদিন সদরঘাট দিয়ে প্রায় দুই লাখ যাত্রী যাতায়াত করে জানিয়ে বিআইডব্লিউটিসিএর’র এই কর্মকর্তা বলেন, “দেড়শত লঞ্চ সে যাত্রীর চাপ নিতে পারছে।”
