জাল নোট: রিমান্ডে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৫ জন
কোটি টাকা সমমানের জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ ঢাকা থেকে গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের চাকরিচ্যুত এক কর্মীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী শুক্রবার তাদের রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই দীপক চন্দ্র দে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খিলগাঁও থানার এসআই আক্তার হোসেন সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন জানায়। এছাড়া গ্রেপ্তারদের পক্ষ থেকে রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়।
মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী শুনানি শেষে আসামিদের আবেদন নাকচ করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
কোটি টাকার জাল নোট ও জালিয়াতির সরঞ্জামসহ বাংলাদেশ ব্যাংকের সাবেক ওই কর্মী ও আরও চারজনকে বুধবার রাতে ঢাকার জুরাইন ও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে আটক করে র্যাব।
এরা হলেন- মোছা. ফাতেমা বেগম (২৫), মোছা. রুবিনা বেগম (২৪), মো. আব্দুর রশিদ (৫৬), মো. দুলাল (৩০)ও মো. সারোয়ার হোসেন (২৩)।
এদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের চাকরিচ্যুত কর্মী মো. আব্দুর রশিদ জাল টাকা ব্যবসায় জড়িত বলে অভিযোগ রয়েছে। রশিদ চাকরচ্যুতির পর দুই বছর জেল খেটে পরবর্তীতে ঢাকার কাটাবনে ছাপাখানার ব্যবসা শুরু করেন।
