২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাউশিতে শিক্ষকদের নিগ্রহের খবর দুঃখজনক: নাহিদ

দাপ্তরিক কাজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) গিয়ে শিক্ষকদের ‘নিগৃহীত’ ও ‘নির্যাতিত’ হওয়ার খবর দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে এতে বলা হয়, শিক্ষা বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাতি গঠনের দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের প্রয়োজনীয় সেবা দেওয়া মাউশির দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, “সর্বত্র সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকদের নিজ অফিস মাউশিতে নিগৃহীত ও নির্যাতিত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক।”

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মকর্তাদের বিভিন্ন দাপ্তরিক কাজে শিক্ষা ভবনে আসতে হয়। সেখানে ফাইল আটকে রেখে শিক্ষকদের হেনস্তা করা ছাড়াও তাদের সঙ্গে বিরূপ আচরণ করা হয় বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান পরির্দশন, স্কুল-কলেজ জাতীয়করণ, এমপিওভুক্তি, নিয়োগ-বদলি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন, উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের নামে কতিপয় কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতিতে শিক্ষা খাতে অর্জিত সাফল্য ম্লান হবে, এটা কখনও মেনে নেওয়া যায় না।”

শিক্ষকরা যাতে সম্মানের সঙ্গে প্রয়োজনীয় সেবা পান  তা নিশ্চিতে মাউশির কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন নাহিদ।

তিনি বলেন, “প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে। মাউশিতে শিক্ষা ও শিক্ষকবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।”

মাউশির মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ ছিলেন।