ঢাকায় ৬টি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৩
জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে রাজধানীর সেগুন বাগিচা থেকে ছয়টি পেট্রোল বোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ১২তলা ভবন এলাকায় একটি প্রাইভেটকার থেকে তাদের বোমাসহ ধরা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রমনা থানার ওসি মশিউর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল জলিল (৩৬), আনিসুর রহমান (৪৫) ও মোহাম্মদ জহির (৩৮)।
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল ডেকেছিল জামায়াত।
গ্রেপ্তার তিনজনের জামায়াত সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, “আটকরা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, তা তদন্ত করে দেখা হবে।”
তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
