২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের আচরণ ঔদ্ধত্যপূর্ণ: সেক্টর কমান্ডার্স ফোরাম

যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়াকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আখ‌্যায়িত করে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 10:07 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

মুক্তিযোদ্ধাদের এ সংগঠনের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, ভাইস-চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী ও মহাসচিব হারুন হাবীব রোববার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।

একাত্তরের বদর নেতা মীর কাসেমের ফাঁসি কার্যকরের পর শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধাপরাধের বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ আখ‌্যায়িত করে। এর মাধ‌্যমে বাংলাদেশ সরকার বিরোধী মত দলন করছে বলেও মন্তব‌্য আসে দেশটির পক্ষ থেকে।  

একাত্তরে পাকিস্তানি বাহিনীর দোসর হয়ে বাঙালি হত‌্যায় সহযোগিতা করা মীর কাসেমসহ অন‌্যদের দণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী পাকিস্তানও।

সেক্টর কমান্ডার্স ফোরামের বিবৃতিতে বলা হয়, “যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়াটি বাংলাদেশের জাতীয় দায়বদ্ধতা এবং একান্ত ভাবেই নিজস্ব বিষয়।

“কাজেই এই বিচার নিয়ে পাকিস্তান যে প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে- তা সম্পূর্ণ ভাবে অগ্রহণযোগ্য। আমরা পাকিস্তানের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র প্রতিবাদ জানাই।”

যুদ্ধাপরাধে জামায়াতের শীর্ষ অন‌্য নেতাদের মৃত‌্যুদণ্ড কার্যকরের পরও একই প্রতিক্রিয়া দেখিয়েছিল পাকিস্তান সরকার। দণ্ডিতদের ‘পাকিস্তানের বন্ধু’ বলেছিল জামায়াতে ইসলামী পাকিস্তান।  

তার পরিপ্রেক্ষিতে গণজাগরণ মঞ্চসহ আন্দোলনকারী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি তোলা হয়। এই দাবিতে ঢাকায় পাকিস্তান হাই কমিশনও ঘেরাও করা হয়েছিল।

Image
যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের আচরণের প্রতিবাদ জানিয়ে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ দেশটির হাই কমিশন ঘেরাও করেছিল (ফাইল ছবি)

যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের আচরণের প্রতিবাদ জানিয়ে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ দেশটির হাই কমিশন ঘেরাও করেছিল (ফাইল ছবি)

পাকিস্তানের শনিবারের বক্তব‌্যের পর ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে রোববার কড়া বার্তা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে সেক্টর কমান্ডার্স ফোরাম ‘অযাচিত’ বক্তব্যের কারণে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ‘না রাখার বিষয়’ বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

অবিলম্বে ১৯৫ জন পাকিস্তানি সৈন‌্যের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরুর উদ‌্যোগ নিতে সরকারের প্রতি দাবিও জানিয়েছে সংগঠনটি।

এদিকে পাকিস্তানের প্রতিক্রিয়ার ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাসদের একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, “মীর কাসেমের ফাঁসিতে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান আবারও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। আমরা পাকিস্তানের এহেন কূটনৈতিক শিষ্টাচারবর্জিত অসদাচরণে ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি।”

“একাত্তরের পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর মীর কাসেম আলীরা যে গণহত্যা ও মানবতাবিরোধী কাজে লিপ্ত ছিল, তার খেসারত পাকিস্তানিদের দিতে হবে,” বিবৃতিতে বলেন জাসদ নেতারা।

পুরনো খবর:

মীর কাসেমের ফাঁসিতে পাকিস্তান মর্মাহত
মীর কাসেম: পাকিস্তানের প্রতিক্রিয়ার কড়া জবাব বাংলাদেশের