২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের হল নির্মাণ প্রকল্প চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ তলা একটি হল নির্মাণের প্রকল্প মন্ত্রণালয় চূড়ান্ত করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিগগিরই’ তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাঠানো হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 07:43 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

শিক্ষা মন্ত্রণালয়ে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ১৩ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমিতির সভাপতি অধ্যাপক কাজী সাইফুদ্দীন।

নাহিদ বলেন, “মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি প্রকল্প তৈরি করা হয়েছে এগুলো একনেকে উপস্থাপন করা হবে। পাস হওয়ার পর অনুদান পেলে জমি কেনাসহ এ সব কার্যক্রমগুলো (হল ও অ্যাকাডেমিক ভবন নির্মাণ) করতে পারব।”

২৭৪ কোটি ১০ লাখ টাকায় একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয় চূড়ান্ত করেছে জানিয়ে মন্ত্রী বলেন, কেরানীগঞ্জে কেনা ২৫ বিঘা জমিতে এক হাজার ছাত্রের জন্য দশতলা ছাত্র হল নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তারা।

এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০ তলা অ্যাকাডেমিক ভবন করা হবে জানিয়ে নাহিদ বলেন, এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত।

“মেয়েদের জন্য একটি হোস্টেলের ১১ তলা নির্মাণ হয়ে গেছে। ১০৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হওয়ায় সেটিকে এখন ১৭ তলা করা হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ‘বড়’ জমি খোঁজা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “জমি পাওয়ার চেষ্টা আমরা করতেই থাকব, একটা জায়গা পেতে হবে।

“বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কমিটি করে উপাচার্য ও শিক্ষকদের উদ্যোগে সবাই মিলে দুইটা জায়গা চিহ্নিত করেছিলাম। একটা ঝিলমিলে আরেকটা পূর্বাচলে। সেই চেষ্টাটা অব্যাহত আছে। সেখানে আমরা যদি জমি কিনতে পারি একটা অখণ্ড জমিতে বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে।”

আগের কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল নির্মাণে শিক্ষার্থীদের দাবির বিষয়ে নাহিদ বলেন, “এটা আমাদের নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গা। সে বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না, এই সিদ্ধান্ত সরকারের।”

শিক্ষা সচিব সোহরাব হোসাইন বলেন, একনেকের অনুমোদন পেলে চলতি বছরের শেষের দিকে অথবা ২০১৭ সালের শুরুতেই জগন্নাথের শিক্ষার্থীদের জন্য হল নির্মাণের কাজ শুরু করা হবে।

কলেজ থেকে বিশ্ববিদ‌্যালয়ে রূপান্তরিত হওয়ার পর গত সাত বছর ধরে হলের দাবি জানিয়ে এলেও তা পায়নি জগন্নাথের শিক্ষার্থীরা।

সম্প্রতি নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগার ফাঁকা করে বন্দিদের কেরাণীগঞ্জে চালু হওয়া নতুন কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর সেখানে হল দাবি করে আন্দোলনে নামেন পুরান ঢাকার এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।