২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপনগরে দুই পুলিশের জখম ‘গুরুতর’

ঢাকার রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযানে গিয়ে আহত দুই পুলিশ কর্মকর্তার জখম গুরুতর বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 12:49 AM

Updated : 11 Oct 2022, 08:41 PM

এরা হলেন- রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম ও পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির।

শুক্রবার মধ্যরাতে পান্থপথে স্কয়ার হাসপাতালে দুই পুলিশ কর্মকর্তাকে দেখে তিনি সাংবাদিকদের বলেন, “তাদের আঘাত গুরুতর। কিন্তু আশঙ্কামুক্ত বা আশঙ্কামুক্ত নন সেটা বলা যাচ্ছে না।”

এর আগে রাত সাড়ে ৯টার দিকে মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর সড়কের একটি বাসায় পুলিশের অভিযানে এক জঙ্গি নিহত হন। মুরাদ ওরফে মেজর মুরাদ নামের ওই জেএমবি সদস্য সম্প্রতি নারায়ণগঞ্জে পুলিশি অভিযানে নিহত নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর ‘সেকেন্ড ইন কমান্ড’ বলে  পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।

পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে তিনি ছুরি ও পিস্তল নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছিলেন বলে মোখলেছুর রহমান জানান।

রূপনগরের ওই বাসা পরিদর্শন করে রাত ১১টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গির অবস্থানের তথ্যের ভিত্তিতে ছয়তলা ওই ভবনে অভিযানে যায় রূপনগর থানা পুলিশ।

“ওই অভিযানের সময় যে কক্ষে মুরাদ ছিল ওই কক্ষে ঢুকতে চাইলে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ পাল্টা গুলি করলে সে মারা যায়।”

নিহত এই জঙ্গি মুরাদ ছাড়াও কখনও জাহাঙ্গীর, আবার কখনও ওমর নাম ব্যবহার করতেন বলে জানান এই কর্মকর্তা।

ঘটনার পর আহত পুলিশ কর্মকর্তা শহীদ ও শাহীনের সঙ্গে একই থানার এসআই মো. মোমেনুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে শহীদ ও শাহীনকে স্কয়ারে নেওয়া হয়।

শহীদের কোমরে এবং শাহীনের বাঁ কাধ ও মাথায় ধারাল অস্ত্রের জখম রয়েছে বলে ঢাকা মেডিকেলের আবাসিক চিকিৎসক জেসমিন নাহার জানান।

Image
জঙ্গিবিরোধী অভিযানের পর আলামত সংগ্রহে রূপনগরের ওই বাড়িতে যান সিআইডি সদস্যরা। ছবি: আসিফ মাহমুদ অভি/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জঙ্গিবিরোধী অভিযানের পর আলামত সংগ্রহে রূপনগরের ওই বাড়িতে যান সিআইডি সদস্যরা। ছবি: আসিফ মাহমুদ অভি/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

“শাহীনের ডান পায়েও জখম রয়েছে, যা গুলির ক্ষত বলে মনে হচ্ছে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

তাদের স্কয়ার হাসপাতালে নেওয়ার আধা ঘণ্টা খানেক পর সেখানে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন,  “ওই দুই পুলিশ কর্মকর্তার জখম গুরুতর। তাদের অস্ত্রোপচার চলছে।”

এর আগে গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ওসি সালাউদ্দীন নিহত হন।

তার পর সপ্তাহ না হতেই ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাঁহের একটি প্রবেশ পথে পুলিশের তল্লাশি চৌকিতে জঙ্গিরা হামলা চালালে দুই কনস্টেবল নিহত হন।