শহরের শিশুদের রং তুলিতে গ্রামবাংলার রূপ
ষড়ঋতুর এই বাংলা কী রূপ নেয় ভাদ্রের প্রখর রোদে, বর্ষার চিত্র কেমন, পাশাপাশি শরতের মেঘমুক্ত আকাশ, হেমন্তে নবান্ন উৎসব, শীতের পিঠা উৎসব, বসন্তে ফুলের মেলা-এর সবই ক্যানভাসে তুলে ধরেছেন খুদে আঁকিয়েরা।
শহরের নামি স্কুলপড়ুয়া সেই শিশুদের ১১৭টি ছবি নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নম্বর গ্যালারিতে হল ‘সিজন ফেস্টিভাল’ শিরোনামের চিত্রকর্ম প্রদর্শনী।
শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করে যাওয়া বেসরকারি সংগঠন লাইরা এই প্রদর্শনীর আয়োজন করে।
সংগঠনের নির্বাহী লামিয়া শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতি বছর ঢাকা ও আশপাশের জেলাগুলোর স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন তারা।
চলতি বছর মার্চ মাসের আয়োজনে অংশ নিয়েছিল ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের শতাধিক স্কুল। সেই প্রতিযোগিতা থেকে বাছাই করা ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
খুদে আঁকিয়ে ইয়াস আল তাসিনের বাড়ি দক্ষিণবঙ্গে। বাড়ি যেতে তাকে চড়তে হয় নৌকায়। শান্ত সেই নদীতে পাল তোলা নৌকা, দু’পাশে অবারিত সবুজ শস্যের ক্ষেত, আর তার মতো শিশুদের দুরন্তপনার দৃশ্য তার মনে ভীষণভাবে দাগ কাটে। সেই চিত্রই মূর্ত হয়েছে তার ক্যানভাসে।
ক্লিওফা ডেসডমিনা কস্তা, উন্মেষ কুমার দাশ, যারিন তাসনিম, অপ্সরা ইসলামদের ক্যানভাসে ফুটে উঠেছে গ্রামবাংলার নিসর্গের রূপ। নদী, কাশবন, ফুল-লতাপাতায় তারা বাংলাদেশের গ্রামের চিত্র এনেছেন।
কৃষকই বাঙালির অর্থনীতির মেরুদণ্ড; রং-তুলিতে সেই কৃষকের ছবি এঁকেছে আয়শা বিনতে আজাদ, মুমতাসিনা রাহমান লামিসা, সেফা হোসেন ও আরিয়ান ঘোষ।
প্রকৃতি গল্প পর্বে মো. রাফসানের ক্যানভাসে ফুটে উঠেছে ভাদ্রের প্রখর খরতাপের কথা।
গরমে প্রাণ যখন ত্রাহি ত্রাহি, তখন আসে শরৎ। মেঘমুক্ত আকাশ, কাশবন, পাল তোলা নৌকা-এসবই যেন বেজে ওঠে শরৎ উৎসবের ডামাডোলে। শরতের ছবি এঁকেছে সামস মেহরীন বেগ নায়না, ইশরার নূর।
খুদে আঁকিয়েদের কাউকে কাউকে টানে বর্ষার বাংলা। সরকার শিকদার, আফিদ্রা মোস্তফা, নিহাল তামিমরা সে চিত্রই তুলে এনেছেন।
হেমন্ত মানেই নবান্ন উৎসব, সোনালী ফসলে ভরে ওঠে গ্রাম। সেই নবান্ন উৎসবকে নানা আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন রাইমা উন্মে রাহসান, সারিনা আফরিন রহমান, আশ্রাফুল ইসলাম।
গ্রামীণ মানুষের জীবন-জীবিকা ও উৎসবের গল্পটি চিত্রিত হয়েছে সাবিহা নূযহাত শানিল, গোলাম রাসূল, আনিকা তাবাসুমদের ক্যানভাসে।
প্রদর্শনী ঘুরে দেখে নূরে জান্নাত হেরা নামে এক অভিভাবক বলেন, “স্কুলের ছুটিতে আমরা শিশুদের গ্রাম দেখাতে নিয়ে যাই না। গ্রাম কী তা তো শহরের শিশুরা জানে না।
“এই প্রদর্শনীতে যেসব শিশু ছবি এঁকেছে, তারা যে সবাই গ্রাম দেখেছে তাও কিন্তু না। হয়তো বাবা- মায়ের গল্প শুনে নিজের মতো করে ছবি এঁকেছে।
“আমাদের উচিত, শিশুদের গ্রামে নিয়ে যাওয়া। শেকড়ের সঙ্গে পরিচিতি করিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
