২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধকোটি টাকার জালনোটসহ গ্রেপ্তার ৮

ঢাকার পল্টন ও কোতোয়ালি এলাকা থেকে নোট জালিয়াতি চক্রের আট সদস‌্যকে ৫২ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 10:24 AM

Updated : 20 Aug 2022, 01:35 PM

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত পল্টন ও কোতোয়ালির দুটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে ৫২ লাখ টাকার জাল নোট এবং নোট জাল করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরা হলেন- মো. রেজাউল ইসলাম মুন্না (২৬), মো. আব্দুল কাদের ওরফে অপু (২৮), মো. লতিফ (২৫), মো. ফজর আলী (২৯), মো. মহরম মিয়া (৩৮), সুমি বেগম (২০), মো. আব্দুল বারেক (২৫) ও মো. সাদ্দাম (২৩)।

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ‌্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটে প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, ওই আটজনের কাছে বাংলাদেশি জালনোট ছাড়াও আট হাজার ভারতীয় জাল রুপি পাওয়া গেছে।

“এই চক্রের হোতা হল রেজাউল। কোরবানির ঈদ সামনে রেখে গরুর হাটে ছড়িয়ে দিতে নোট জাল করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে। এ পর্যন্ত দুই থেকে তিন কোটি টাকার জাল নোট তারা বাজারে ছেড়েছে।”

মনিরুল জানান, এক লাখ টাকার জাল নোট এই চক্রটি আট হাজার টাকায় বিক্রি করে আসছিল।

“পুলিশের অভিযানের কারণে অতীতের তুলনায় এই চক্রের আনাগোনা অনেক কমে গেছে। তারপরও দুই/একটি চক্র এ কাজ করছে।

আরও দুটি চক্র নোট জালিয়াতি করছে বলে তথ‌্য থাকার কথা জানিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, “তাদের ধরার চেষ্টা চলছে।”

গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে পল্টন থানার একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

৩১ প্রতারক গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে মনিরুল জানান, রাজধানীর গাবতলী, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ‘অজ্ঞান ও মলম পার্টির’ ৩১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের মধ্যে ২১ জনকে ভ্রাম‌্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি ১০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

দুই ঈদ সামনে রেখে প্রতি বছরই কেনাকাটার মৌসুমে নোট জালিয়াত চক্রের তৎপরতা বাড়ে। সেই সঙ্গে বাড়ে যানবাহনে চেতনানাশক ব‌্যবহার করে যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়া প্রতারকদের উৎপাত, যাদের সাধারণ মানুষ ‘অজ্ঞান পার্টি’ ও ‘মলম পার্টি’ বলে থাকে।

কোরবানির ঈদ সামনে রেখে এসব বিষয়েও নজরদারি জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গত এক মাসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ বেশ কয়েকজন পুলিশের হাতে ধরা পড়েছে। 

কোরবানির পশুর হাটে বিপুল অংকের টাকা লেনদেনের সুযোগে কেউ যাতে জাল নোট বাজারে ছাড়তে না পারে, সেজন‌্য এবারও হাটে হাটে জালনোট শনাক্তকারী মেশিন বসানোর উদ‌্যোগ নেওয়া হয়েছে।

পুরনো খবর:

পশুর হাটে জালনোট যাচাই করে দেবে ব‌্যাংক