পশুর হাটে জালনোট যাচাই করে দেবে ব্যাংক
কোরবানির পশুর হাটে জালনোট প্রতিরোধে প্রতিবারের মতো এবারও বিনা খরচে নোট যাচাই করে দেবে ব্যাংকগুলো।
ঢাকাসহ দেশের সব পশুর হাটে জালনোট শনাক্তকারী মেশিন বসিয়ে এই সেবা দিতে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার পাঠানো ওই চিঠিতে কোন ব্যাংক কোন হাটে মেশিন বসিয়ে সেবা দেবে তারও একটি তালিকা করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
জালনোট
হাটের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবী ও মোবাইল নম্বরসহ আপনাদের ব্যাংকের নিয়ন্ত্রণকারী একজন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবী ও মোবাইল নম্বর আগামী ৫ সেপ্টেম্বরের কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।
ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন/ পৌরসভার অনুমোদিত পশুর হাটে স্থানীয় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যান্য জেলায় পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের এ সংক্রান্ত দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের ‘চেস্ট’ শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট ‘মিরপুর-গাবতলী’ পশুর হাটে জালনোট যাচাইয়ের জন্য সোনালী, পূবালী, ওয়ান এবং উত্তরা ব্যাংক দায়িত্ব পেয়েছে।
