ঈদে নিরাপত্তা পাড়া-মহল্লায়ও: স্বরাষ্ট্রমন্ত্রী
শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদ জামাতের পাশে জঙ্গি হামলার পর এবার ঈদে সারা দেশের ঈদগাহে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
কোরবানির ঈদ সামনে রেখে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, “নাশকতা প্রতিরোধে জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম ও অন্যান্য ঈদগাহসমূহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রদান করব।
“শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা শহরে পাড়া-মহল্লায়ও ঈদের জামাত হয়। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।”
গত ১ জুলাই গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হওয়ার পর সপ্তাহ না পেরোতেই ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের পাশে পুলিশের ওপর হামলা হয়। সেখানে দুই পুলিশ নিহত হওয়ার পাশাপাশি গোলাগুলিতে এক জঙ্গি ও এক গৃহবধূ নিহত হন।
আসাদুজ্জামান কামাল বলেন,কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা শহরে ২৩টি পশুর হাটে সব সময় নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে এবং টাকা আনা- নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
“যে-ই টাকা নেওয়া-আনায় নিরাপত্তা চাইবে তাকে সে ব্যবস্থা দেওয়া হবে।”
এরইমধ্যে ঢাকার ৯০ শতাংশ শপিংমল সিসি ক্যামেরার আওতায় এসেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
মালিকরা এসব ক্যামেরা স্থাপন করেছেন জানিয়ে তিনি বলেন, “সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও আমাদের নিরাপত্তা বাহিনী সব সময় সজাগ থাকবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঈদ ঘিরে মহাসড়কে ফায়ার সার্ভিসের ৮৬টি ভ্রাম্যমাণ উদ্ধারকারী দল থাকবে, যাতে কেউ দুর্ঘটনায় পড়লে তাকে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নেওয়া যায়।
দেশের সব মহাসড়কে ১৫টি করে ‘ওয়াচ টাওয়ার’ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাট এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাতে যানজট না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১২ সেপ্টেম্বর। আর সেদিন চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে।
সভায় অন্যদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রধানসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তা এবং বিজিএমইএ, বিকেএমইএ, ট্যানার্স অ্যাসোসিয়েশন ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
