২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা চাকা’ ঘুরছে অসন্তোষ নিয়ে

চালুর কয়েকদিনের মধ্যেই যাত্রীদের প্রশ্নের মুখে পড়েছে রাজধানীর গুলশান এলাকার শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ বাস সার্ভিস ‘ঢাকা চাকা’র সেবা। শুরু থেকেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পাশাপাশি বাসের সংখ্যা ও রুট নিয়ে আপত্তি রয়েছে যাত্রীদের।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 08:12 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

বৃহস্পতিবার গুলশানের দুটি রুটের বাসে ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে এই অসন্তোষের কথা।

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর কূটনীতিকপাড়ার নিরাপত্তা নিশ্চিত করতে গুলশান এলাকায় সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এরপর গত ১০ অগাস্ট ওই এলাকায় চলাচল শুরু করে ‘ঢাকা চাকা’ নামের এই বাস সেবা।

প্রাথমিকভাবে ২০টি বাস দিয়ে এ সেবা চালুর ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত ১৬টি বাস রাস্তায় নেমেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং গুলশান সোসাইটির তত্ত্বাবধানে এসব বাস পরিচালনা করছে নিটল মোটর্স।

বৃহস্পতিবার বেলা ৩টায় কাকলী স্টপেজে নতুন বাজার যাওয়ার টিকিট কিনে দাঁড়িয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাহাত খান। বাস এলো ৩টা ২৫ মিনিটে।  অন্যান্য সময়েও বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে জানান তিনি।

“অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি আসে না। প্রায় প্রতিদিনই এরকম হয়। এদিকে যাওয়ার অন্য কোনো বাস নেই। তাই দাঁড়িয়ে থাকি।”

একই অভিযোগ করলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী পিয়া দত্ত পূজাও।

“এ বাসের সার্ভিস তেমন খারাপ না। কিন্তু গাড়ি ঠিক সময়ে আসে না। টিকিট কেটে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে হয়।”

কাকলী কাউন্টারের ব্যবস্থাপক শাহীদ হোসেন রুবেল বলছেন, কাকলী থেকে বাস ঘোরাতে (ইউটার্ন) দেয় না বলে এই দেরি।

“গাড়ি ঘোরাতে হয় বনানী কবরস্থান সিগনাল থেকে। ওইটুকু পথ ঘুরতে চার থেকে পাঁচটি সিগনাল পড়ে। ওখানেই আধা ঘণ্টা শেষ। এভাবে চললে ৫০টা গাড়ি দিয়েও কুলানো যাবে না।”

তবে যানজটের বিষয়ে ডিএমপি ট্রাফিক বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার রায়ের ভাষ্য,  বাসগুলো কাকলী থেকে ঘোরালে ওই সিগনালে যানজট আরও বেড়ে যাবে, তাই বনানী থেকেই ঘুরিয়ে আসতে হবে।

তিনি বলেন, “বাসগুলো আকারে বড়। সেখানে ইউটার্ন নিলে অন্য সব গাড়িকে আটকে রাখতে হবে। ফলে পুরো রাস্তা বন্ধ হয়ে যাবে। একটা গাড়ির জন্য পুরো রাস্তা বন্ধ রাখাটা ঠিক হবে না।”

এদিকে বৃহস্পতিবারের যাত্রায় সরেজমিনে দেখা যায়, কাকলী থেকে সবগুলো আসন পূর্ণ করে বাস ছাড়ার পর বনানী বাজার থেকে সতেরো জন যাত্রী ওঠানো হলো। সবাই গাদাগাদি করে ওঠায় শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভেতরেও গরমে অতিষ্ঠ যাত্রীরা।

এভাবে দাঁড়িয়ে যাত্রী নেওয়ায় ক্ষোভ জানালেন গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জাহিদ হোসেন।

“ভাড়া নিচ্ছে এসি বাসের। কিন্তু এত লোক উঠলে গাড়ি ঠাণ্ডা হয় না। গরমে থাকা যায় না। এর চেয়ে নন-এসি গাড়িই ভালো।”

এছাড়া দূরত্ব যাই হোক না কেন যেকোনো জায়গায় ১৫ টাকা ভাড়া নেওয়াকে অতিরিক্ত বলছেন বেশিরভাগ যাত্রী।

এদের একজন ঢাকা থাই লিমিটেডের কর্মকর্তা ফাহাদ বিন মজিদ ভাড়া পুনর্নির্ধারণ করার দাবি জানালেন।

“কাকলী থেকে গুলশান-২ নম্বর পর্যন্ত ১০ টাকা এবং নতুন বাজার পর্যন্ত ১৫ টাকা; আবার নতুন বাজার থেকে গুলশান-২ নম্বর পর্যন্ত ১০ টাকা এবং কাকলী পর্যন্ত ১৫ টাকা ভাড়া করলে মোটামুটি ঠিক আছে।”

গুলশান থেকে শ্যুটিং ক্লাবে যাওয়ার বাসের জন্য গুলশান-২ নম্বর ডিসিসি মার্কেটের সামনের কাউন্টারে গিয়ে দেখা গেল ব্যাপক ভিড়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বাসে ওঠা সম্ভব হল। এ বাসের ভেতরেও আসনের প্রায় সমান সংখ্যক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে হলো।

আরও বাস নামানো হলে এ সমস্যা থাকবে না বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এসব সমস্যা খুব তাড়াতাড়ি দূর করা হবে। একসঙ্গে অনেক বাস নামানো যায়নি বলে একটু সমস্যা হচ্ছে। আরো বাস নামালে এ সমস্যা থাকবে না।”

তবে মেয়র বাস সংখ্যা বাড়ানোতেই সমস্যার সমাধান দেখলেও গুলশানের বাসের রুট নিয়েও আপত্তি রয়েছে অধিকাংশ যাত্রীর।

বাসের রুট বিন্যাসের কারণে আগের চেয়ে দ্বিগুণ ভাড়া গুণতে হচ্ছে বলে অভিযোগ করলেন মামুন শেখ নামে এক যাত্রী।

“কাকলী থেকে শ্যুটিং ক্লাব গেলে আমাকে বাস পরিবর্তন করতে হচ্ছে। এতে আমার দুর্ভোগ এবং ভাড়া দুটোই বেড়েছে। আগে এই পথ আমি ১৫ টাকায় যেতে পারতাম।”

গুলশান এলাকায় নিয়মিত চলাচলকারী ন্যাশনাল হাউজিং ফিনান্সের কর্মকর্তা মাহবুব হোসেন রুট পুনর্বিন্যাসের দাবি করলেন।

“নতুন বাজার থেকে থেকে গুলশান-২, গুলশান-১ থেকে বাড্ডা হয়ে আবার নতুন বাজার পর্যন্ত একটি সেবা চালু করা যায়। এপথে অনেক যাত্রী আছে। গাড়ি না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন।”

বনানীর একটি প্রতিষ্ঠানের কর্মী খাদিজাতুল কোবরার দাবি, শুধু শ্যুটিং ক্লাব পর্যন্ত না রেখে গাড়িগুলোকে হাতিরঝিল পর্যন্ত নিয়ে এলে অনেকে উপকৃত হবে।

“সাধারণ মানুষের কথা যদি চিন্তা করেন, তাহলে রুট চেঞ্জ করেন।  রামপুরা, বনশ্রী ও খিলগাঁও এলাকা থেকে অনেকেই গুলশান, বনানী এলাকায় আসেন।  হাতিরঝিল দিয়ে ঘুরে গেলে এসব এলাকার যাত্রীরা উপকৃত হবে।”

একটি ‘বিশেষ পরিস্থিতি’তে তড়িঘড়ি করে বাস নামানোর কারণে কিছু সমস্যা রয়ে গেছে স্বীকার করে এসব সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানান গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১ জুলাইয়ের পর গুলশানে বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় লোকজনের চলাচলে অসম্ভব সমস্যা হচ্ছিল। সবকিছু ঠিক করে বাস নামাতে আরো একমাস লেগে যেত। আমাদের হাতে বাস রেডি ছিল, এ কারণে মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা গাড়িগুলো নামিয়ে দিয়েছি।”

ভাড়া এবং রুট নিয়ে জনসাধারণের আপত্তি ‘গুরুত্বের সঙ্গে’ দেখা হচ্ছে বলে জানান তিনি।

“গুলশানের বাসগুলোকে তিনটা রুটে চালানোর চিন্তাভাবনা করা হচ্ছে। একটা রুটে পুলিশ প্লাজা থেকে গুলশান-২ নম্বর হয়ে কাকলী চলে যাবে। একটা পুলিশ প্লাজা থেকে গুলশান-২ নম্বর হয়ে নতুন বাজার, আরেকটা নতুন বাজার থেকে কাকলী।”

এছাড়া এসব এসি বাসের সঙ্গে কিছু নন এসি বাসও নামানো হবে জানিয়ে ওমর সাদাত বলেন, “তখন ভাড়াও কমে যাবে।”