৩৬তম বিসিএস: ১৫৬ জনের প্রার্থিতা বাতিল
ছত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় ১৫৬ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের আবেদনপত্র বা ডকুমেন্টসে গুরুতর ত্রুটি, অসংলগ্নতা, অসম্পূর্ণতা পরিলক্ষিত হওয়া ও বিজ্ঞাপনের শর্ত না মানায় এদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এই ১৫৬ প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে আসতে নিষেধ করেছে পিএসসি।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ১ থেকে ৬ সেপ্টেম্বর আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা হবে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় চার ঘণ্টা আর ১০০ নম্বরের পরীক্ষার সময় তিন ঘণ্টা।
“পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে,” বলা হয়েছে পিএসসির বিজ্ঞপ্তিতে।
লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর ৫০। কোনো বিষয়ে কেউ ৩০ শতাংশের কম পেলে তিনি ওই বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবে বলে পিএসসি জানিয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন।
গত ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন।
প্রথম শ্রেণির দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
