পুরস্কারের জঙ্গি সেলিমকে ধরতে নতুন তোড়জোড়
ব্লগার, লেখক, প্রকাশক হত্যায় জড়িত সন্দেহে যে ছয়জনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তাদের মধ্যে সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২ কে ধরার বিষয়ে নতুন করে জোর দিচ্ছে পুলিশ।
বুধবার ঢাকা মহানগর পুলিশের ফেইসবুক পেইজে এক বার্তায় সেলিমের নতুন একটি ছবি প্রকাশ করে পাঁচ লাখ টাকা পুরস্কারের বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়েছে।
গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছেন, গুলশান হামলার অন্যতম ‘হোতা’ নুরুল ইসলাম মারজানের বিষয়ে তদন্ত করতে গিয়ে সেলিমের বিষয়টিও নতুন করে ‘গুরুত্ব পাচ্ছে’।
পুলিশের বার্তায় সেলিমকে আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) ‘শীর্ষস্থানীয় নেতা’ এবং অভিজিৎ রায় হত্যার ‘অন্যতম পরিকল্পনাকারী’ বলা হয়েছে।
তিনি প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয়, অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু, গণজাগরণ মঞ্চের কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ, সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের সার্বিক নেতৃত্বে ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে পুলিশের বার্তায়।
সেলিমের অবস্থান বা তার কোনো তথ্য জানা থাকলে ঢাকা মহানগর পুলিশের ফেইসবুক পেইজে অথবা টেলিফোন করে (০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬) কিংবা পুলিশের এন্টি টোরোরিজম ইউনিটের মোবাইল অ্যাপ ‘Hello CT’ তে তা জানাতে অনুরোধ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ গত ১৯ মে সেলিমসহ ছয়জনকে ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত হিসেবে চিহ্নিত করে তাদের ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে।
এর মধ্যে সেলিম এবং শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১ এর জন্য পাঁচ লাখ টাকা পুরস্কারের কথা বলা হয়।
আর সিফাত ওরফে সামির ওরফে ইমরান, আব্দুস সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদ, শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল এবং সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামসের জন্য ঘোষণা করা হয় দুই লাখ টাকা করে পুরস্কার।
তাদের মধ্যে সুমন হোসেন পাটোয়ারি ওরফে সিহাব ওরফে সাকিব ওরফে সাইফুলকে গত ১৫ জুন প্রকাশক আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এর চার দিনের মাথায় শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১ ঢাকার খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
ওই তালিকার বাকি চারজনের মধ্যে সেলিমের বিষয়ে গুরুত্ব দেওয়ার কারণ জানতে চাইলে গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মারজানের বিষয়ে তদন্ত করতে গিয়ে এ বিষয়টিও গুরুত্ব পচ্ছে। এ কারণেই সেলিমকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।”
বাকিদের বিষয়েও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
জুলাইয়ের প্রথম দিন গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলার প্রায় দেড় মাস পর গত ১৩ অগাস্ট পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ওই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে মারজানের নাম ও ছবি প্রকাশ করে। এর তিন দিন পর তার ঠিকানাসহ বেশ কিছু তথ্য পাওয়া যায়।
পাবনা আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করা মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হলেও লেখাপড়া শেষ না করেই গতবছর বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন।
বিশ্ববিদ্যালয়ে মারজান ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাথী। আর গুলশান হামলার জন্য পুলিশ নিষিদ্ধ জঙ্গি দল জেএমবিকে দায়ী করে আসছে।
