২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ প্রতিরোধে পুস্তক ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি

জঙ্গিবাদ প্রতিরোধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 09:33 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

এর মধ্যে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানবন্ধন করবে সমিতি।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মসূচিতে অংশ নেবে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতি, মুদ্রণ শিল্প সমিতি, পুস্তক বাঁধাই সমিতি, পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি ও মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)- এর সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন বলেন, “জঙ্গিদের ভয়ঙ্কর আগ্রাসন থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। এই জন্য ধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন করে তুলতে হবে। যুব সমাজকে বোঝাতে হবে, জঙ্গিবাদের মাধ্যমে পবিত্র ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় না।”

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক বলেন, “আমরা এটিকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে চাই। সারাদেশের সদস্যদের উদ্বুদ্ধ করে তা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদশে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি কাজী জহুরুল বুলবুল, মুদ্রণ শিল্প সমিতির সভাপতি তোফায়েল খান, পুস্তক বাঁধাই সমিতির সভাপতি এম এ মল্লিকসহ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি ও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা।