‘বঙ্গবন্ধুকে হত্যার পর জঙ্গিবাদের সূত্রপাত’
পঁচাত্তরের পনের অগাস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জঙ্গিবাদের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ করেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন ‘প্রজন্ম ৭১’।
মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ অভিযোগ তোলেন।
ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “পঁচাত্তরের পর পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া হলো। হানাদারদের পুনর্বাসন করা হলো। ধর্মভিত্তিক রাজনীতির জাগরণ ঘটলো। আজকের জঙ্গিবাদ এসব কিছুর ধারাবাহিকতা।”
জঙ্গিবাদ রুখতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এ ব্যাপারে যে পরিমাণ কাজ করার কথা ছিল, তা করেনি। শিক্ষাঙ্গনগুলোতে ইতিহাস ও সংস্কৃতির চর্চা সেভাবে নেই।”
“মঞ্জুরি কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ইতিহাস পড়ানো হয় না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণের কাজটাই শুধু করেছে। তাই শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়।”
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটকে ‘জঙ্গিবাদের স্রষ্টা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “জঙ্গিবাদ নির্মূলে কাজ যা করার আওয়ামী লীগের সরকারকেই করতে হবে।”
নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ বলেন, “যারা ধর্মের নামে গণহত্যা, ধর্ষণকে জায়েজ করার চেষ্টা করেছিল, তারাই জঙ্গিবাদের নামে ধর্মান্ধকরণ করছে। পরকালতত্ত্ব সৃষ্টি করেছে।”
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী এবং শহীদ স্বজন এ্যারোমা দত্ত।
সভাপতিত্ব করেন শহীদ জ্যোতির্ময় গুহঠাকুর কন্যা মেঘনা গুহঠাকুরতা।
এই আয়োজনে ‘প্রজন্ম ৭১’ এর লিখিত বক্তব্য পড়ে শোনান শহীদ শহীদুল্লায় কায়সারের কন্যা শমী কায়সার।
আলোচনা অনুষ্ঠান শেষে এই আয়োজনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
