২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম কমাতে গণশুনানি করবে সিপিবি-বাসদ

গ্যাসের দাম কমানোর পক্ষে যুক্তি দিয়ে বাম ধারার রাজনৈতিক দলগুলোকে নিয়ে গণশুনানির আয়োজন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 07:35 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

গ্যাসের দাম বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানির পর এর প্রতিবাদে সিপিবি-বাসদ জোটের এক বিক্ষোভ সমাবেশে থেকে এ ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসি ভবনের সামনে আয়োজিত এ সমাবেশে সিপিবি সভাপতি সেলিম বলেন, “বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই; বরং বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দাম কমানোর সুপারিশ করব আমরা।

“দাম কমানোর পক্ষে যুক্তি উপস্থাপনে জন্য আমরা শিগগিরই গণশুনানির আয়োজন করবো। সেখানে সরকারের লোকজনকে আমন্ত্রণ জানানো হবে। সেখানে দেখাবো গ্যাসের দাম কমানো সম্ভব।”

সরকার গ্যাসের দাম ‘এক পয়সা’ বাড়ালেও হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দেন তিনি।

সমাবেশের বক্তব্যে সিপিবি-বাসদ নেতারা বলছেন, অবৈধ গ্যাস সংযোগ বাতিল এবং দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের ( বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, গ্যাসের দাম বাড়ানোর জন্য যে গণশুনানি হয় তা লোক দেখানো, দাম আগে থেকেই ঠিক করা থাকে। স্বার্থান্বেষী মহলের লাভের জন্যই বারবার গ্যাসের দাম বাড়ানো হয়।

“গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে দেশি বিদেশি লুটেরাদের পকেট ভারি ভারী করার জন্য।”

বাপেক্সকে পাশ কাটিয়ে বিদেশি কোম্পানিকে গ্যাসকূপের খননকাজ দেওয়ার সমালোচনা করেন তিনি।

“যে খননকাজ বাপেক্স ১০০ কোটি টাকায় করতে পারে সেই বিদেশি কোম্পানিকে দিয়ে ৭০০/৮০০ কোটি টাকায় করানো হচ্ছে। বাপেক্সের সামর্থ্য থাকার পরও কেবলমাত্র দুর্নীতি করতেই খননকাজ বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে।”

সরকার জঙ্গি ইস্যুর আড়ালে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

“দেশের সবাই যখন জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, সেদিকে সবার মনোযোগ। সেই সুযোগে গ্যাসের দাম বাড়ানোর কৌশল নিয়েছে।”