নিম্নচাপ কেটে গেছে, বৃষ্টিও ‘কমবে’
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সমুদ্র বন্দরগুলো থেকে সতর্কতা নামিয়ে ফেলেছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকলেও আগামী কয়েক দিন বৃষ্টি কম হওয়ার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুয়াডাঙ্গা ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে।
“উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা না থাকায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।”
তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে শুক্রবার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের সব বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আর আগামী ৭২ ঘণ্টায় (রোববার পর্যন্ত) বৃষ্টিপাতের পরিমাণ কমার পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যশোরে, ২৬৫ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
