২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ‘অযৌক্তিক ও গণবিরোধী’

গ্যাসের দাম বাড়ানোয় সরকারি উদ্যোগের বিরোধিতা করে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই উদ্যোগকে ‘অযৌক্তিক ও গণবিরোধী’ বলেছে গণতান্ত্রিক বাম মোর্চা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 09:56 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

পুরনো খবর:

বাসাবাড়িতে গ‌্যাসের দাম দ্বিগুণের প্রস্তাব তিতাসের
গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা

বুধবার দুপুরে কারওয়ান বাজারের এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে এই সমাবেশ থেকে ‘অযৌক্তিকভাবে ও স্বেচ্ছাচারী কায়দায় গ্যাসের মূল্য দ্বিগুণ বাড়ানো হচ্ছে’ বলে অভিযোগ আনে বাম ধারার কয়েকটি রাজনীতিক দলের এই জোট।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে গত রোববার ও সোমবার বিইআরসিতে এক গণশুনানি হয়, যাতে বাসাবাড়িতে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করার প্রস্তাব দেয় বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস। আর প্রতি ঘনফুটে গ্যাস সঞ্চালন লাইনের চার্জও দ্বিগুণ করার কথা বলা হয়।

গ্যাসের মূল্য বাড়ানো হলে তা সীমিত আয়ের মানুষের উপর বোঝা হিসেবে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে শিল্প-কারখানা, কৃষি ও পরিবহন খাতে এর বিরূপ প্রভাব পড়বে বলে সমাবেশ মন্তব্য করেন বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক শুভাংশু চক্রবর্তী।

“গ্যাসের মুল্যবৃদ্ধি হলে সীমিত আয়ের মানুষের উপর তা বোঝা হিসেবে দেখা দেবে। বিরূপ প্রভাব পড়বে শিল্প-কারখানা, কৃষিখাত ও যানবাহন খাতে। সরকার স্বৈরাচারী কায়দায় দাম বৃদ্ধি করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বৃদ্ধি করে জনগণের জীবন অসহনীয় করে তুলছে। ”

জনগণ ও বিশেষজ্ঞ অভিমত উপেক্ষা করে এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বাড়ানোর গণবিরোধী প্রস্তাব এনেছে বলে অভিযোগ করেন বাম মোর্চার কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন নান্নু।

তিনি বলেন, “গ্যাস কোম্পানিগুলো যখন লাভজনক খাত হিসেবে বলছে, তখন সরকার মুষ্টিমেয় লুটেরা ব্যবসায়ীদের উন্নয়নের কথা ভাবছে।”

কমিউনিস্ট পার্টির নেতা বহ্নিশিখা জামালি বলেন, “জনগণ আসলে একটি নাটকের শিকার হয়েছে। উন্নয়নের নামে সীমাহীন দুর্ভোগে জনগণ দিশেহারা। গ্যাসের মূল্যবৃদ্ধি হলে প্রকৃতপক্ষে সরকারের আত্মীয়স্বজন, মন্ত্রী-আমলারাই লাভবান হবেন।”

এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাস খাতে বিদেশি সহযোগিতার প্রসঙ্গটি তুলে ধরে এত বছরেও সংস্থাটি গ্যাস উত্তোলন ও ব্যব্স্থাপনায় সক্ষমতা অর্জন না করায় সমালোচনা করেন বক্তারা।

বামমোর্চার কেন্দ্রীয় নেতা মোশরেফা মিশু বলেন, “আমাদের আন্দোলনটি বিএনপির মতো নয়। সরকার উৎখাতের ভাঙা রেকর্ড আমরা বারবার বাজাই না। আমাদের আন্দোলনটি দেশ ও মানুষ বাঁচানোর আন্দোলন।”

অবিলম্বে গণশুনানি বন্ধ করে একটি গণবিতর্কের আয়োজন করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতা হামিদুল হক।

“অবিলম্বে গণশুনানি বন্ধ করে একটি গণবিতর্কের আয়োজন করতে হবে। সেখানেই ফয়সালা হোক, এই গণবিরোধী গ্যাস ইস্যুর।”

সমাবেশে অন্যদের মধ্যে বাম মোর্চার নেতা ইয়াসিন মিঞা ও সন্তোষ গুপ্ত বক্তব্য রাখেন।