২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে সাজা কম কেন, খুঁজবেন তুরিন

একাত্তরে ধর্ষণের দায়ে এর আগে সর্বোচ্চ শাস্তি এলেও সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ আটজনের মামলার রায়ে এর শাস্তি ২০ বছরের কারাদণ্ড হওয়ার কারণ খুঁজবেন প্রসিকিউটর তুরিন আফরোজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 08:54 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

একাত্তরে যশোরের কেশবপুরে বিভিন্ন গ্রামে হত্যা, নির্যাতন, অপহরণ ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার এই আটজনের বিরুদ্ধে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ে আল-বদর নেতা সাখাওয়াতের মৃত্যুদণ্ড এবং সাতজনের আমৃত্যু কারাদণ্ড হয়েছে।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল, যার সব কয়টিতে ছিলেন জামায়াতসহ বিভিন্ন দল ঘুরে জাতীয় পার্টিতে আসা সাখাওয়াত।

তার মৃত্যুদণ্ডের রায় এসেছে দুটি অভিযোগে, যেগুলো ধরে নিয়ে নির্যাতন ও হত্যার।

প্রথম অভিযোগ ছিল কেশবপুরের বোগা গ্রামে এক নারীকে অপহরণ, আটক, নির্যাতন ও ধর্ষণের। সাখাওয়াত হোসেনের সঙ্গে

মো. ইব্রাহিম হোসাইন, এম এ আজিজ সরদার ও  আব্দুল আজিজ সরদার এতে অভিযুক্ত ছিলেন।

এই ঘটনার দায়ে প্রত্যেকের ২০ বছরের কারাদণ্ড এসেছে রায়ে।

Image
সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেন

সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেন

আগে যুদ্ধাপরাধ মামলার দুটি রায়ে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, “ধর্ষণের শাস্তি আমরা ২০ বছর পেয়েছি। এর আগে আমরা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড পেয়েছিলাম। এই জায়গাটা রায় পড়ে দেখতে হবে- কেন আমরা মাত্র ২০ বছর পেয়েছি, সেটা পড়ে বুঝতে হবে।”

২০১৪ সালের ডিসেম্বরে মুসলিম লীগ নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের যুদ্ধাপরাধ মামলার রায়ে ধর্ষণের দায়ে ফাঁসি হয়েছিল। তখন রায়ে বলা হয়, কায়সার নিজে ধর্ষণ না করলেও ওই গ্রামের দরিদ্র নারীদের জোর করে পাকিস্তানি সেনা সদস্যদের হাতে ধর্ষণের জন্য তুলে দিয়ে যে অপরাধ করেছেন তা ‘হত্যার চেয়েও জঘন্য, বর্বর’।

এরপর গত বছরের জুলাইয়ে ট্রাইব্যুনাল-২ এর রায়ে যেসব অপরাধে ফোরকান মল্লিকের ফাঁসি হয় সেগুলোর মধ্যে ধর্ষণের অপরাধও রয়েছে। ওই রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছিল, গণধর্ষণ খুনের চেয়েও ‘গুরুতর অপরাধ’।

বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এই মামলার রায় ঘোষণা করে।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটার জেয়াদ আল মালুম।

তিনি সাংবাদিকদের বলেন, “এই এক নারীর ধর্ষণ, মুক্তিযোদ্ধাকে হত্যা, মুক্তিযোদ্ধাদের অপ্রাপ্ত বয়স্ক এক সোর্সকে হত্যা, মিরন শেখের বিষয়ে আদালত ক্ষোভ প্রকাশ করেছেন। এই রায়ে ধর্ষিতা নারীসহ ভিক্টিম অন্যদের বিদেহী আত্মা ও পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করবে।”

রায়ে দুই আজিজ ও ইব্রাহিমের পাশাপাশি মো. বিল্লাল হোসেন বিশ্বাস, শেখ মো. মজিবুর রহমান, কাজী ওহিদুল ইসলাম ও মো. আব্দুল খালেকের আমৃত্যু কারাদণ্ড হয়েছে।

আসামিদের মধ্যে সাখাওয়াত ও বিল্লাল রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি ছয়জনকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে।

পুরনো খবর:

যুদ্ধাপরাধ: সাখাওয়াতের মৃত্যুদণ্ড, আমৃত্যু সাজা ৭ জনের