২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্প নেওয়ার আগে বুড়িগঙ্গা থেকে দখলদার উচ্ছেদের দাবি

বুড়িগঙ্গাকে দখলদারমুক্ত না করে যে কোনো উন্নয়ন প্রকল্প না নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন, বাপা এবং বুড়িগঙ্গা রিভার কিপার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 07:48 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ।

লিখিত বক্তব্যে মকসুদ বলেন, বুড়িগঙ্গার দখল ও দূষণের ভয়াবহ চিত্র বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে তুল ধরা হয়েছে। বিভিন্ন সময় সরকারি বিভিন্ন কমিটিতে বিষয়গুলো বারবার উত্থাপন করলে মাঝেমধ্যে কাগুজে সিদ্ধান্তের মাধ্যমে বুড়িগঙ্গার আদি উৎস উদ্ধারের পদক্ষেপ নেওয়া হয়।

“কিন্তু বাস্তবে বুড়িগঙ্গায় বেপরোয়া দখল চলতেই থাকে। এ কারণে বুড়িগঙ্গার এই অংশ এখন বিলুপ্তপ্রায়।”

বুড়িগঙ্গার উন্নয়নে সরকার প্রায় দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুড়িগঙ্গার আদি উৎসমুখ কালীগঙ্গার কাছে ধলেশ্বরী নদী থেকে আসা বুড়িগঙ্গার বসিলা পর্যন্ত অংশে বেপরোয়া দখল চলছে। দখল বন্ধ ও নদী পুনরুদ্ধারে কোনো উদ্যোগ না নিয়ে ১ হাজার ১২৫ কোটি টাকার পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নদী ভরাট ও নির্মাণকাজ বন্ধ করা, আদালতের রায় অনুযায়ী যথাযথভাবে নদীর সীমানা চিহ্নিত করা এবং নদী সংশ্লিষ্ট যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সব দখল উচ্ছেদের দাবি জানানো হয়।