বুনো হাতি: সুযোগের অপেক্ষায় উদ্ধারকারী দল
উৎসুক মানুষের ঢল আর বানের জলে সীমান্তের উল্টোদিকে আঁকা-বাঁকা পথে ঘোরাঘুরির কারণে প্রায় এক মাস আগে ভেসে আসা বুনো হাতিটি উদ্ধারে ‘উপযুক্ত সময়ের’ অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্ধারকারী দল।
দেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়ানো হাতিটিকে তাড়িয়ে কোনো বড় মাঠে নিয়ে ট্রাঙ্কুলাইজ করে ট্রাকে তুলে নেওয়ার পরিকল্পনা অনুযায়ী যাবতীয় প্রস্তুতি থাকলেও জামালপুরের বন্যা আক্রান্ত এলাকায় চারদিকে পানি থাকায় তা কার্যকর করা যাচ্ছে না।
চারদিকে বন্যার পানিতে মানুষেরই চলাচলে ঝামেলা হচ্ছে, সেখানে হাতিটিকে ধীরে ধীরে তাড়া করে কোনো শুকনো এলাকায় নিতে গিয়ে বুনো প্রকৃতির এ হাতি বিগড়ে গেলে মানুষজন ও তাদের বাড়িঘরের ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপযুক্ত সময়ের এ অপেক্ষা বলে জানান দেশের বন্যপ্রাণী বিশেষজ্ঞ তপন কুমার দে।
বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ-ভারত যৌথ উদ্ধার দল ছিল হাতিটির পিছু পিছু। এসময় ঘরবাড়ি, পথঘাট, রাস্তা, বিল পাড়ি দিয়ে চরাঞ্চলে বানের জলে অবস্থান নেয় এই ‘বুনো পর্যটক’।
বন অধিদপ্তরের কারিগরী ও মনিটরিং টিম সার্বক্ষণিক নজরে রেখেছে হাতিটিকে।
উৎসুক মানুষের ঢল ঠেকাতে এলাকাবাসী, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারাদের সঙ্গে শুক্রবার তপন কুমার ও ভারতীয় দলের রিতেশ ভট্টাচাযের নেতৃত্বে বৈঠক করেছে যৌথ হাতি উদ্ধার দল।
শুক্রবার রাতে তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাতিটি উদ্ধারের জন্য ক্রেন, ট্রাক, পোষা হাতিসহ আনুষাঙ্গিক সব প্রস্তুতি নিয়ে রেখেছি। কিন্তু তার বন্যা কবলিত এলাকায় চলাফেরা ও উৎসুক মানুষের কারণে বেশ বেগ পোহাতে হচ্ছে।
“হাতিটি মাদারগঞ্জের দিকে মুভ করেছে। পৌরসভা এলাকার কাছাকাছি থাকলেও এখন শুকনো এলাকায় ছাড়া তাকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”
অবসর ছুটিতে থাকা বন অধিদপ্তরের সাবেক এই উপ প্রধান বনসংরক্ষক বলছেন, “কয়েকশ মাইল পাড়ি দেওয়া হাতিটি দুর্বল অবস্থায় রয়েছে। বন্যার পানির কারণে কিছুই করা যাচ্ছে না। আবার উল্টোদিকে হাঁটছে সে।”
চারদিকে বন্যার পানিতে মানুষেরই চলাচলে ঝামেলা হচ্ছে, সেখানে হাতিটিকে ধীরে ধীরে কোথাও ‘তাড়া’ করাও ঝুঁকি বোধ করছেন বিশেষজ্ঞরা।
“ভারতীয় টিম বলেছে-এটির আচরণ ওয়াইল্ড, কাউকে ক্ষতি করছে না। যেভাবে যেতে চায় যেতে দিতে হবে। সীমান্তের দিকে নিয়ে যাওয়া যায় কিনা-তাও দেখতে হবে। আমাদের আরও অপেক্ষা করতে হবে, উদ্ধারে সময় লাগতে পারে,” বলেন তপন।
বন্যার পানি না কমা পর্যন্ত অচেতন করে উদ্ধার কাজ চালানো যাবে না বলে উল্লেখ করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ডর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের ১৬ জেলা প্লাবিত হলেও জামালপুরের পরিস্থিতি অপেক্ষাকৃত অবনতির দিকে। চলমান বন্যা পরিস্থিরি উন্নতি শুরু হয়েছে। ভালো হতে আরও কয়েকদিন লাগবে।
হাতিটিকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে থাকা পশু চিকিৎসক সৈয়দ হোসেন রাত সাড়ে ৯ টার দিকে হাতির সর্বশেষ অবস্থান সম্পর্কে জানান, দুর্বল হলেও ঘরবাড়ি, খাল-বিল, রাস্তা-ঘাট, চর পার হয়ে মাদারগঞ্জের কামরাবাদ এলাকায় বিলে অবস্থান নিয়েছে।
যৌথ দল হাতি উদ্ধারে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জানিয়ে তিনি বলেন, সঠিক সুযোগের অপেক্ষায় থাকবেন তারা। রাতের মধ্যেও শুকনো জায়গায় হাতিকে নেওয়া সম্ভব হলে ট্রাঙ্কুলাইজ করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হবে। তা না হলে শনিবারের জন্য অপেক্ষা করতে হবে।
বুনো হাতি উদ্ধারে একটি পোষা হাতিও সঙ্গে রেখেছে উদ্ধাকারী দল।
সৈয়দ হোসেন বলেন, “পোষা হাতিটির সঙ্গে ভাব হলেই তাকে দেখে বুনো হাতিটি অনুসরণ করতে পারে। আমাদের সব প্রস্তুতির সঙ্গে নতুন জটিলতা উৎসুক মানুষের ভিড়। তাদের সামাল দেওয়া কষ্টকর হচ্ছে। আজ রাত নির্ঘুম কাটাব আমরা। যখনই সুযোগ পাব তখনই উদ্ধারে নেমে পড়ব।”
হাতিটি দুর্বল হলেও স্বাস্থ্যগত অবস্থা বেশি নাজুক হয় নি জানিয়ে তিনি বলেন, “তবুও বুনো হাতি হওয়ায় একেবারে কাছেও যাওয়া যাচ্ছে না। দুর্গত এলাকায় অচেতন করলে মারা যাওয়ার শঙ্কাও রয়েছে। সবদিক পর্যালোচনা করে সতর্কভাবে কর্মপরিকল্পনা নিতে হচ্ছে।”
উদ্ধারের পরই হাতিটিকে কোথায় নেওয়া হবে তা জানানো হবে বলে উল্লেখ করেন সাবেক উ প্রধান সংরক্ষক তপন কুমার দে।
গত ২৬ জুন বুনো হাতিটি কুড়িগ্রামের রৌমারী উপজেলার আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৫২-এর কাছ দিয়ে বানের জলে ভেসে বাংলাদেশে আসে।
ভারতের আসাম রাজ্যের শিশুমারা পাহাড়ি এলাকা থেকে এই হাতি এসেছে বলে ধারণা করা হচ্ছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ চরাঞ্চল হয়ে এখন জামালপুরে আসে হাতিটি।
হাতি উদ্ধার কার্যক্রমে অংশ নিতে বুধবার ঢাকায় আসেন ভারতীয় প্রতিনিধি দলের তিন বিশেষজ্ঞ রিতেষ ভট্টচার্য, কৌশিক রায় ও এসএ তালুকদার। বন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সেরে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. তপন কুমার দে ও উপ-বন সংরক্ষক সাহাব উদ্দিন তাদের নিয়ে জামালপুরে পৌঁছেন।
সেখানে হাতিটিকে সারাক্ষণ নজরদারিতে রেখেছে ভেটেনারি সার্জন সৈয়দ হোসেনসহ ১৭ সদস্যের একটি কারিগরি দল।
