চট্টগ্রামে ভূকম্পন অনুভূত
বন্দরনগরী চট্টগ্রামে ভূকম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্তব্যরত ওয়্যারলেস সুপারভাইজার রবিউল হক জানান, সোমবার বিকাল ৪টা ১ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।
মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫০৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের পাকুক্কু এলাকায়, যেখানে ছয় দিন আগেও এক দফা ভূকম্পন হয়েছিল।
অবশ্য যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২ ছিল বলে জানিয়েছে।
রিখটার স্কেলে ৪ থেকে ৪ দশমিক ৯৯ মাত্রাকে মৃদু ভূম্পিকম্প হিসেবে ধরা হয়।
এছাড়া ৫ থেকে ৫ দশমিক ৯৯ মাত্রাকে ‘মাঝারি’, ৬ থেকে ৬ দশমিক ৯৯ মাত্রাকে ‘শক্তিশালী’, ৭ থেকে ৭ দশমিক ৯৯ মাত্রাকে ‘ভয়াবহ’ এবং মাত্রা ৮ এর বেশি হলে ‘অত্যন্ত ভয়াবহ’ ভূমিকম্প বিবেচনা করা হয়।
গত ১৩ এপ্রিলে রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারাদেশ। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলও মিয়ানমারে ছিল বলে ইউএসজিএসের তথ্য।
