২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থসাউথের ‘বুকে বাংলাদেশ’

জঙ্গি হামলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জড়িত থাকার খবর আসায় সমালোচনায় থাকার মধ্যে দেশপ্রেম তুলে ধরতে মানচিত্র গড়ার এক কর্মসূচি পালিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 11:56 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

রোববার বেসরকারি এই বিশ্ববিদ্যালয়োর প্রায় এক হাজার শিক্ষার্থী পতাকার রং লাল সবুজের প্ল্যাকার্ড উর্ধ্বে তুলে ধরে গড়েন বাংলাদেশের পতাকা, যার আনুষ্ঠানিক নাম ছিল ‘নর্থ সাউথ এর বুকে বাংলাদেশ’।

বিশ্ববিদ্যালয়টি জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর বেলাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা ক্যাম্পাসে পতাকা গড়ার এই অনুষ্ঠানের সঙ্গে পরিবেশন করা হয় জাতীয় সংগীতও। যেখানে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেন। 

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামকে উদ্ধৃত করে বলা হয়, “নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে সদা সচেতন।

“উল্লেখযোগ্য দিবস যেমন বিজয় দিবস, পহেলা বৈশাখ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসসহ বিভিন্ন পালা পার্বণে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে যার প্রতিফলন ঘটে। একজন শিক্ষক হিসাবে আমি খুব গর্ববোধ করি, যখন দেখি এ প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশি চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হয়।”

গুলশানের হলি আর্টিজান বেকারি এবং শোলাকিয়ায় হামলায় নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী থাকার খবরের পর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহতদের মধ্যেও তিনজেনকে পাওয়া যায় এই বিশ্ববিদ্যালয়ের।