বৈকল্য বিষয়ে গবেষণার তাগিদ সায়েমার
বৈকল্য বিষয়ে গবেষণা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিশু মনস্তত্ত্ববিদ ও অটিজম বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়েমা ওয়াজেদ হোসেন।
বুধবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সায়েমা ওয়াজেদ হোসেন বলেন, “যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগ বৈকল্য বিষয়ে শিক্ষা ও গবেষণা না হলে মানুষের মাঝে, সমাজের মাঝে উন্নতি সৃষ্টি করা যাবে না। যোগাযোগের উন্নতি না হলে সমাজ এগিয়ে যাবে না, দেশ এগিয়ে যাবে না।”
এই সমস্যা পরিবার-সমাজকে প্রভাবিত করে উল্লেখ করে তিনি বলেন, তোতলানো বুদ্ধিপ্রতিবন্ধিতা নয়, মানুষের ভুল বোঝার জন্যে এ ধরনের ধারণা হয়।
যোগাযোগ বিশেষজ্ঞরা এক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করতে পারেন বলেও জানান সায়েমা।
নতুন এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, “সমাজের মানবিক ও মানসিক অগ্রগতির সূচনার জন্য এই বিভাগের গুরুত্ব অপরিসীম।”
বৈকল্য বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সায়েমা ওয়াজেদ হোসেনের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন ও বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ।
