২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নুলের জীবন ও দুর্লভ ছবি নিয়ে বইয়ের প্রকাশনা উৎসব

শিল্পাচা‌র্য জয়নুল আবেদিনের কর্মময় জীবন খুব কাছ থেকে দেখেছিলেন শিল্প গবেষক ও জাতীয় জাদুঘরের সাবেক কিপার জাহাঙ্গীর হোসেন। জয়নুলের আঁকা দুর্লভ চিত্রকর্ম ও নানা দলিলের দুস্প্রাপ্য সংগ্রহ রয়েছে তার কাছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

জয়নুল স্মৃতি ও সংগ্রহ সংকলিত হয়েছে তার লেখা ‘জয়নুল আবেদিন: জীবন ও কর্ম’ শিরোনামের গবেষণা গ্রন্থে।

বুধবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী শিল্পাচার্যের সঙ্গে তার প্রথম দেখার স্মৃতি রোমান্থন করেন। ১৯৬০-৬৩ অবধি জয়নুলকে খুব কাছ থেকে দেখার ‘সৌভাগ্য’ হয়েছিল তার।

“শিল্পাচার্যের সঙ্গে আমার দেখা হয়েছিল স্বাধীনতার পরে, তখন আমরা সংবিধান রচনা করছি। তার কাঁথা কালেকশান সম্বলিত হয়েছিল আমাদের সংবিধানে। সেই কাঁথা কালেকশানের একটি অংশ তিনি আমাকে দস্তক্ষত করে উপহার দিয়েছিলেন। আমি সযত্নে রেখেছি সেটি।”

শিল্পাচার্যের অনেক ছবি এখনও ‘অরক্ষিত’ রয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী শিল্পবোদ্ধাদের উদ্দেশে বলেন, “সেসব দুর্লভ স্মৃতি বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করা যেতে পারে। আমি তাতে উৎসাহ দেব।”

কিংবদন্তি চিত্রশিল্পী হাশেম খান বলেন, “আমি দুজনকে মহামানব বলে জানি, তাদের একজন বঙ্গবন্ধু অন্যজন জয়নুল আবেদিন।

“বঙ্গবন্ধুর মতো জয়নুলও একেবারে মফস্বলের কাঁদামাটি থেকে উঠে আসা মানুষ। তিনি স্বপ্ন দেখতেন, এ দেশ একটি সমৃদ্ধশালী সাংস্কৃতিক দেশ হিসেবে গড়ে উঠবে।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ‘জয়নুল আবেদিন: জীবন ও কর্ম’ বইটি নিয়ে সমালোচনা করেন।

“বইয়ের নানা অংশের টেক্সট লেখক অন্য কোনো জায়গা থেকে হুবহু তুলে দিয়েছেন। আমার লেখা একটি বই থেকেও টেক্সট কপি করা হয়েছে। বইটির অধ্যায় ও ছবির ক্রমও বিষয়ানুযায়ী ও সময়ানুযায়ী হয়নি। বিষয়গুলো খুব বিব্রতকর।

“যারা শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকলাকে নতুন করে বুঝতে চায়, তাদের জন্য খুব সমস্যা হবে।”

তিনি মনে করেন, বইটি সম্পাদনার ক্ষেত্রে সিনিয়র সম্পাদকদের কাউকে দায়িত্ব দিলে বড় ভালো হত।

এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “বইটিতে জয়নুল আবেদিনের সহধর্মিনীর সাক্ষাৎকার ও জয়নুলের হাতে লেখা বিভিন্ন দুস্প্রাপ্য দলিল পুনর্মুদ্রিত হয়েছে। এটি অবশ্যই প্রশংসার দাবিদার।”

লেখক জাহাঙ্গীর হোসেন জানান, বইটির পরবর্তী সংস্করণে ভুলভ্রান্তি শুধরে নেওয়া হবে।

লেখক জানান, এই গ্রন্থে শিল্পাচার্যের বেড়ে উঠার সময়, ভারতীয় চিত্রকলা, তার বাল্যজীবন, শিক্ষা, কর্মময় জীবন, কাজের ধরণ, আন্তর্জাতিক মূল্যায়ন ইত্যাদি বিষয় নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া রয়েছে শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিনের সাক্ষাৎকার, শিল্পীকে সহজ-সরল মূল্যায়ন করে যে বক্তব্য দিয়েছেন, তা সত্যি হৃদয়গ্রাহী।

শিল্পীর উল্লেখযোগ্য লেখা ও বলা থেকে উদ্ধৃতি, জয়নুলকে লেখা এবং জয়নুলের লেখা চিঠিপত্র ও সনদের ছায়ালিপি ছাড়াও বইটিতে জাদুঘরের ৮০৭টি শিল্পকর্ম থেকে বাছাই করা ১০০টি শিল্পকর্মের আলোকচিত্র রয়েছে।

বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স।