২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে অভিযানে ধরা পড়েনি কেউ: পুলিশ

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নয়জন নিহত হওয়ার পর মোহাম্মদপুরের আদাবরে জঙ্গি সংশ্লিষ্টদের সন্ধানে চালানো প্রায় চার ঘণ্টার তল্লাশি অভিযানে কেউ ধরা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 12:40 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে আদাবরে নবোদয় হাউজিং ঘিরে শুরু হওয়া ওই অভিযান বুধবার ভোর ৫টার দিকে সমাপ্ত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নবোদয় হাউজিং এলাকার সন্দেহজনক মেস ও বাসাবাড়িতে জঙ্গি সংশ্লিষ্ট কেউ আছে কি না- তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়েছে। অভিযানের পাশাপাশি এলাকায় সচেতনামূলক প্রচার চালানো হয়েছে।

‘ব্লক রেইড’ চলাকালে এলাকাবাসী ‘দারুণ সহযোগিতা’ করেছে জানিয়ে তিনি বলেন, “আমরা এ অভিযানে কোনো অপরাধীকে ধরতে পারিনি। তবুও আমরা পরবর্তী চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

চলতি মাসের শুরুর দিকে গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় ২৭ জনের প্রাণহানির পর জঙ্গি সংগঠনে জড়িতদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

এর অংশ হিসেবে সোমবার মধ্যরাতে কল্যাণপুরে একটি আবাসিক ভবনে অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পরে ভোরের দিকে সোয়াটের নেতৃত্বে ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স’ অভিযানে নয়জন নিহত হওয়ার কথা জানায় পুলিশ।

হতাহত সবাই নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশে তাজ মঞ্জিল নামের ছয় তলা ওই ভবনকে স্থানীয়রা চেনেন ‘জাহাজ বাড়ি’ নামে, যেখানে বেশিরভাগ ফ্ল্যাট মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।

ভবনের পঞ্চম তলায় জঙ্গিরা আস্তানা গেড়েছিল বলে পুলিশের তথ্য।

ভবনটিতে অভিযানের পর নিরাপত্তা ইস্যুতে কল্যাণপুর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুরনো খবর:

জঙ্গি খুঁজতে মোহাম্মদপুরে পুলিশের অভিযান
কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান,  নিহত ৯