স্থগিতাদেশ বহাল, প্রেস ক্লাবের বর্তমান কমিটিই কাজ চালাবে
জাতীয় প্রেস ক্লাবের বর্তমান কমিটির কার্যক্রম পরিচালনায় দেওয়া নিষেধাজ্ঞার ওপর স্থগিতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
এর ফলে বর্তমান কমিটি যথারীতি কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বর্তমান কমিটির সভাপতিসহ অন্যদের কৌঁসুলি।
গতবছর ৬ অগাস্ট হাই কোর্ট বর্তমান কমিটির কার্যক্রম পরিচালায় নিষেধাজ্ঞা দেয়। ওই আদেশ স্থগিত চেয়ে সেদিনই বর্তমান কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানসহ অন্যরা চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যান। শুনানি নিয়ে ৬ অগাস্ট চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ স্থগিত করে দেন।
এর পর থেকে শফিকুর রহমান ও কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বর্তমান কমিটিই কার্যক্রম পরিচালনা করে আসছে।
চেম্বার বিচারপতির আদেশের ধারাবাহিকতায় আপিল বিভাগে আবেদনকারীপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে, যা ২৫ জুলাই শুনানির জন্য ওঠে।
সেদিন শফিকুর রহমানের কৌঁসুলি ‘ভুলবশত’ আদালতে বলেন, আবেদনটি (লিভ টু আপিল) অকার্যকর হয়ে গেছে। এর পর ২৫ জুলাই আপিল বিভাগ ওই লিভ টু আপিল ‘অকার্যকর’ বলে খারিজ করে দেয়। ফলে বর্তমান কমিটি কার্যক্রম চালিয়ে যেতে পারবে কি না তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়।
তবে সেদিন রাতেই শফিকুর রহমানের কৌঁসুলি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেখা যাচ্ছে, এই আবেদনটি অকার্যকর হয়নি বরং আবেদনটি চালানো প্রয়োজন।”
এর ধারাবাহিকতায় ২৫ জুলাইয়ের আদেশ প্রত্যাহার চেয়ে মঙ্গলবার আবেদন করেন জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি শফিকুর রহমানসহ অন্যরা, যা বুধবার শুনানির জন্য ওঠে।
শুনানি নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ স্থগিতাদেশ (চেম্বার বিচারপতির দেওয়া আদেশ) চলমান থাকবে জানিয়ে আবেদনটি নিষ্পত্তি করে দেয়।
আদালতে বর্তমান কমিটির সভাপতিসহ অন্যদের পক্ষে শুনানি করে জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম, সঙ্গে ছিলেন আইনজীবী একরামুল হক টুটুল। অপরপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
টুটুল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেম্বার বিচারপতি দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে ‘রিকল’ আবেদনটি (প্রত্যাহার) নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগ। সেইসঙ্গে হাই কোর্টের দেওয়া রুল খারিজ (ডিসচার্জ) করে বিচারিক আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।
নির্বাচন নিয়ে জটিলতার মধ্যে তিন মাস আগে গত বছর সাধারণ সভায় ডেকে আওয়ামী লীগ সমর্থক সাংবাদিক ও বিএনপি সমর্থক সাংবাদিকদের একাংশ মিলে ‘সমঝোতার’ কমিটি করে।
গত বছরের ২৮ মে গঠিত ওই কমিটিতে আওয়ামী লীগ সমর্থক মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি এবং বিএনপি সমর্থক কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। ১৭ সদস্যের কমিটিতে দুই পক্ষের সাংবাদিকদেরই স্থান হয়।
তবে মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ওই কমিটির বিরুদ্ধে আদালতে যান, যাতে সমর্থন ছিল বিএনপি-জামায়াত সমর্থিত বিএফইউজের একাংশের।
কমিটির সাত সদস্যের কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নিম্ন আদালতে করা ওই আবেদন গত বছরের ২২ জুলাই নিষ্পত্তি না করে নথিভুক্ত করা হলে তার বিরুদ্ধে হাই কোর্টে (সিভিল রিভিশান) আবেদন করেন আবদাল।
ওই আবেদনের শুনানি নিয়ে গত বছর ৬ অগাস্ট হাই কোর্টের একটি একক বেঞ্চ নতুন কমিটির কার্যক্রমের উপর ছয় মাসের নিষেধাজ্ঞা ও রুল দেয়।
নির্বাচন ছাড়া গঠিত ওই কমিটির কার্যক্রম পরিচালনায় কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় ওই রুলে।
তবে নিষোধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে ওইদিনই চেম্বার আদালতে আবেদন করেন বর্তমান কমিটির সভাপতি, যার ওপর শুনানি নিয়ে সেদিন চেম্বার বিচারপতি হাই কোর্টের ওই আদেশ স্থগিত করে দেন।
