চা বিল সংসদে পাস
সামরিক সরকারের আমলে জারি করা দুটি অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস করা হয়েছে।
মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ‘চা বিল-২০১৬’ সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
গত ২৫ এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করে বাণিজ্যমন্ত্রী। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে তোফয়েল আহমেদ বলেন, “বর্তমানে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকা এবং দেশের অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে চায়ের উৎপাদন বৃদ্ধি করা জরুরি। চা বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম চায়ের মানোন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।”
ঢাকার গুলশানে ক্যাফেতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে জাতীয় পতাকা রাখা হচ্ছে অর্ধনমিত। জাতীয় সংসদ ভবনের ছবিটি সোমবার তোলা। ছবি: তানভীর আহাম্মেদ
বিলে আইন ভঙ্গে শাস্তির বিধান ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডেরর বিধান রাখা হয়েছে। জরিমানার ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা সর্বোচ্চ পাঁচ লাখ টাকার বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, এই আইনের ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধগুলো যেক্ষেত্রে যতটুকু প্রযোজ্য, মোবাইল কোর্ট আইন এর তফসিলভুক্ত করে বিচার করা যাবে।
