মিরপুরে সাব্বিরের খোঁজে তল্লাশি দ্বিতীয় দিনে
রাজধানীর মিরপুরে চার বছরের শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের খোঁজে কমার্স কলেজের পেছনের পয়োঃনিষ্কাশন নালায় আবারও দ্বিতীয় দিনের মত তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত তাদের কর্মীরা বাতি নিয়ে ওই নালায় তল্লাশি চালান। তাকে না পাওয়ায় শুক্রবার সকাল ৭টা থেকে পাঁচজন ডুবুরি আবারও খোঁজ শুরু করেছেন।
আতিকুর রহমান জানান,স্যুয়ারেজের খালের পাশে ঘর তুলে সেখানে বসবাস করে সাব্বিরের পরিবার। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হালকা বৃষ্টির মধ্যে সে খালপাড়ে খেলছিল। হঠাৎ তার নানা শিশুটিকে না দেখে ধারণা করেন, সে খালে পড়ে গেছে।
জুনায়েদ হোসেন সাব্বির
স্যুয়ারেজ নালায় ময়লা আবর্জনার স্তূপের মধ্যে শিশুটির খোঁজ চলছে বলে আতিকুর রহমান জানান।
