গুপ্ত হত্যায় ঝিনাইদহে সন্দেহ জামায়াতকে
সাম্প্রতিক দুই জঙ্গি হামলায় জড়িতদের সর্বশেষ আস্তানা ঝিনাইদহের রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতারা এসব ঘটনায় জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার সন্দেহ করছেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই জেলা শহরের মেসে ওই দুই হামলাকারীদের আস্তানা ছিল। সেখানে অন্তত দেড়শ মেস রয়েছে, যার অধিকাংশের নিয়ন্ত্রণই জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের হাতে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গুলশান ও শোলাকিয়ায় হামলার আগে ঝিনাইদহে চারটি গুপ্ত হত্যাকাণ্ডে শিবির নেতা-কর্মীদের সম্পৃক্ততার তথ্য উঠে আসছে পুলিশের তদন্তে, যার প্রত্যেকটিতে দায় স্বীকার করে ইন্টারনেটে বিবৃতি এসেছিল আইএসের নামে।
সরকারপ্রধান শেখ হাসিনা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা জঙ্গিবাদী তৎপরতার জন্য জামায়াত-শিবিরকেই দায়ী করেছেন।
তবে এই দলটি বরাবরই নানা বক্তৃতা-বিবৃতিতে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে দাবি করছে, রাজনৈতিক কারণে তাদের উপর এই দোষ চাপানো হচ্ছে।
এই বছরের জানুয়ারিতে ঝিনাইদহ সদর উপজেলার বালেখাল বাজারে খ্রিস্ট ধর্ম গ্রহণকারী হোমিওপ্যাথ চিকিৎসক সমির আলী গুপ্ত হত্যার শিকার হন।
মার্চে খুন হন ইসলামী ঐক্য আন্দোলনের একাংশের ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি আব্দুর রাজ্জাক (৪৫), হত্যার পর যার বিরুদ্ধে শিয়া মতবাদ গ্রহণের অভিযোগ আনা হয়।
জুনে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে হত্যার পর সদর উপজেলার শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাসকেও একই কায়দায় খুন করা হয়।
এই চার হত্যাকাণ্ডের মধ্যে শ্যামানন্দ দাস ও আব্দুর রাজ্জাককে হত্যার ঘটনায় এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার দুই আসামি, যাদের রয়েছে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা।
এরা হলেন- ঝিনাইদহ সদর দক্ষিণ শিবিরের সাবেক সভাপতি শাহীন আলম এবং কালীগঞ্জ পৌরসভা ২ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি সবুজ খান।
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর শ্বশুরবাড়ির এই এলাকায় ‘শক্ত ভিতের’ উপর দাঁড়ানো এই দলটির বিরুদ্ধে এর আগেও রাস্তায় প্রকাশ্যে পুলিশ হত্যার অভিযোগ রয়েছে।
নিজামীর শ্বশুর বাড়িও এক সময় হামলার প্রশিক্ষণ কাজে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে শহরবাসীর কাছ থেকে, উত্তরাধিকার সূত্রে যে বাড়িটি এখন নিজামীর স্ত্রী সামসুন্নাহার নিজামীর বলে চেনেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্কপাড়ায় অবস্থিত নিজামীর শ্বশুর বাড়িতে ৯০’র দশকে ‘বডি বিল্ডিং’ কেন্দ্র গড়ে তোলা হয়। সেখানে যা হত, তার কারণে এটাকে জিম বলা যেত না। এখানে প্যারেড-পিটি হত, নানা ধরনের শারীরিক কসরত শেখানো হত।
“এখন সেখানে স্কুল করা হয়েছে। এই স্কুলে পড়ে কী হবে? দুইটা তো একই ক্যাডার তৈরি করে।”
পার্কপাড়ায় গিয়ে দেখা যায়, নিজামীর শ্বশুর বাড়ির প্রধান ফটক বন্ধ, ফটকের উপরে ঝুলছে ‘অ্যাকটিভ কে জি স্কুল’র সাইনবোর্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক দোকানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলটা নিজামীর শ্বশুর বাড়ি। তবে এখানে তাদের কেউ থাকেন না।
এই বাড়ির অদূরেই জামায়াতপন্থি সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ ঝিনাইদহ শহর শাখার স্থায়ী কার্যালয় ‘ফুলকুঁড়ি ভবন’।
স্থানীয়রা বলছেন, নগরজুড়ে থাকা শতাধিক মেস, বিভিন্ন কোচিং সেন্টার, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রি-ক্যাডেট স্কুল, স্কুল-মাদরাসার মাধ্যমে দলে টানার কাজ চালিয়ে যাচ্ছে জামায়াত।
নাম প্রকাশ না করার শর্তে এই জেলায় কাজ করা পুলিশের এক কর্মকর্তা বলেন, নানাভাবে সমাজে তারা ছড়িয়ে আছেন। শহরের এক সাংবাদিক ও মানবাধিকার কর্মীর স্ত্রী জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি।
ঝিনাইদহে চার গুপ্ত হত্যার পর গুলশান ও শোলাকিয়ার দুই হামলাকারী নিবরাজ ইসলাম ও আবীর রহমান এই শহরের একটি মেসে কয়েকমাস ছিলেন বলে খবর বের হওয়ার পর এই জেলায় জেঁকে বসা মৌলবাদী রাজনীতি নতুন করে আলোচনা আসে।
গত মার্চে ঝিনাইদহ জেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তারের পর শহরের একটি প্রি ক্যাডেট স্কুল থেকে এসব বিস্ফোরক ও বোমার সরঞ্জাম উদ্ধারের কথা জানায় পুলিশ
আদালতে শীর্ষ নেতাদের শাস্তির পর নাশকতা চালিয়ে জামায়াত-শিবিরের অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় দলটি নতুন কৌশলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে স্থানীয়দের ধারণা।
নানা পরিস্থিতিতে খাপ খাওয়ানো জামায়াত একটা সময়ে তাদের কর্মীদের একাংশকে জঙ্গিবাদী কাজের দিকে নিয়ে যায় বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সমর্থনে ঝিনাইদহ পৌরসভার মেয়র হওয়া সাইদুল করিম।
জামায়াতের বিকাশ ও কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখানে মানুষ এক সময় অতিবাম ছিল। এখন তারাই অতিডান হচ্ছে।
“দ্বিতীয়ত এখানকার মানুষের মাঝে আত্মহত্যার প্রবণতা বেশি। এর কারণ হচ্ছে, এরা আবেগপ্রবণ। যে আবেগপ্রবণতার কারণে এখানকার মানুষ আত্মহত্যা করে। সেই কারণকে কাজে লাগিয়ে এদেরকে জঙ্গিবাদের দিকেও নিয়ে যাওয়া হচ্ছে।”
জামায়াত বর্তমান অবস্থায় আওয়ামী লীগের ‘কিছু লোককে’ সামনে রেখে তাদের অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন ক্ষমতাসীন দলটির এই নেতা।
“জামায়াতের অনেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে, পুলিশ গ্রেপ্তার করলে তখন সেই স্থানীয় নেতারা এসে বলে, এ তো আমার কাজ করেছে। এভাবে তারা আওয়ামী লীগের মধ্যেও ঢুকে পড়ছে।”
ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের জেলা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ঝিনাইদহ শহরে মেস করে থাকে।
“সেখানে (মেস) জঙ্গিবাদের ট্রেনিং হয়। নিবরাজ-আবীরাও এখানে ট্রেনিং নিয়ে গিয়ে হামলা করেছে বলে আমার মনে হয়।”
তিনি বলেন, কৌশল হিসেবে জামায়াত-শিবির এক সময়কার বামপন্থিদের ছেলে-মেয়েদের দলে ভেড়াচ্ছে।
সম্পূর্ণ বিপরীত আদর্শে ঝুঁকে পড়ার কারণ জানতে চাইলে মকবুল বলেন, “আমাদের দেশে আদর্শের রাজনীতি কম। এখানে প্রতিপক্ষের রাজনীতি বেশি। এই সব পরিবারে রয়েছে, বঙ্গবন্ধুর বিরোধিতা, আওয়ামী লীগের বিরোধিতা।
“এই বিরোধিতা এক সময় তারা মুসলিম লীগের ব্যানারে করেছে, তারপর বামপন্থিদের ব্যানারে করেছে। এখন জামায়াতের মাধ্যমে তারা সেই বিরোধিতা করছে।”
এই বক্তব্যের সমর্থনে পৌরমেয়র করিম বলেন, পৌর জামায়াতের আমির আব্দুল আলিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রদল (কমিউনিস্ট নেতা আবদুল হকের অনুসারী ছাত্র সংগঠন) করতেন। বিপ্লবের স্লোগান দিয়ে তিনি আন্ডারগ্রাউন্ডের রাজনীতিও করেছেন। এখন তিনি জামায়াত করছেন। হরিণাকুণ্ডুতে মুক্তিযোদ্ধা আজিবর মোল্লা এখন জামায়াত করেন।
তার মতে, জঙ্গি তৎপরতা বন্ধ করতে হলে জামায়াত পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবিরকে নিয়ন্ত্রণ করতে না পারলে আশপাশের এলাকায় মৌলবাদের রাজনীতি নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে না।
স্বাধীনতার আগ থেকেই ঝিনাইদহ এলাকায় তৎপর ছিল জামায়াত। মুক্তিযুদ্ধের সময় দলটি তার সাংগঠনিক শক্তি নিয়োগ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে।
এলাকার মুক্তিযোদ্ধারা জানান, জামায়াতের এই সব কাজে নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা নুর নবী সামদানী। স্বাধীনতার পর গা ঢাকা দিলেও ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর জামায়াত ফের গা ঝাড়া দিয়ে মাঠে নামে। এ সময় সামদানী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
এরপর ১৯৭৯ সালে সামদানী বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা মশিউর রহমানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি ব্যবহার করেছিলেন ইসলামিক ডেমোক্রেটিক লীগের (আইডিএল) ব্যানার। ঝিনাইদহ-৩ আসনে আইডিএলের ব্যানারে নির্বাচিত হন মাওলানা মোজাম্মেল হক। এরপর থেকে এই জেলায় জামায়াতের শক্তি বাড়তে থাকে।
১৯৮৬ সালের নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে জামায়াতের প্রার্থী মোজাম্মেল হক নির্বাচিত হন। ১৯৯০ সালের পর জামায়াতের শক্তি আরও বাড়ে। এই সময় তারা গড়ে তোলে নারী ব্রিগেড।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও ঝিনাইদহে জামায়াতের উপর আঘাত আসেনি বললেই চলে। এরপর ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় যাওয়ার জামায়াত সাংগঠনিক তৎপরতা ব্যাপকমাত্রায় বাড়ায়। এই এলাকায় জামায়াতের শীর্ষ নেতারা প্রায়ই সাংগঠনিক সফরে আসতেন। ইউনিয়ন-গ্রাম পর্যন্ত তারা সংগঠন গড়ে তোলে।
পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা-কর্মীরা ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মেস করে কিংবা লজিং থাকা শুরু করে।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজার রায়ের পর ২০১৩ সালে জামায়াত ঝিনাইদহে তাদের শক্তি দেখায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে।
ওই বছরের ৩ মার্চ হরিণাকুণ্ডুতে ৫-৬ হাজার জামায়াত কর্মী পুলিশের উপর আক্রমণ করে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়েও হত্যা করে। কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় তারা প্রশাসনও অচল করে দেয়।
২০১৪ সালের ৫ জানুয়ারির ভোট কেন্দ্রের জন্য নির্ধারিত অন্তত ২৫টি স্কুল ভবন পোড়ানো হয় ঝিনাইদহে।
ওই নির্বাচনের পর পুলিশের গ্রেপ্তার অভিযানের মুখে দলটির নেতা ও সক্রিয় কর্মীদের এখন প্রকাশ্যে কমই দেখা যায়। গা ঢাকা দিয়ে তারা এখন জঙ্গিবাদী তৎপরতার মদদে বলে অভিযোগ স্থানীয়দের।
