২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতি: পাসপোর্টের পরিচালকসহ দুজন গ্রেপ্তার

জালিয়াতির মাধ্যমে সরকারি কর্মকর্তার পাসপোর্ট বানিয়ে বিদেশে মানবপাচারে সম্পৃক্ততার অভিযোগে আগারগাঁওয়ে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের এক পরিচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 10:31 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

এরা হলেন- পরিচালক মুনসি মুয়ীদ ইকরাম ও উচ্চমান সহকারী সাইফুল ইসলাম।

মঙ্গলবার বিকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য জানান।

এর আগে এই দুজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে দুদক।

মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার স্বাক্ষর জাল করে অনাপত্তিপত্র তৈরি করে ১৮ জন ব্যক্তির সাধারণ পাসপোর্টকে অফিসিয়াল পাসপোর্টে রূপান্তর করেন।

“এই জাল পাসপোর্টধারীরা পরে সরকারি কর্মচারী হিসেবে তুরস্কসহ বিভিন্ন দেশে যান এবং পরবর্তী সময়ে গ্রেপ্তার হয়ে চরমভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেন।”

সরকারি কর্মকর্তা সাজিয়ে মানবপাচারের বিষয়টি জানা যায় তুরস্ক সরকারের একটি চিঠির সূত্র ধরে। তারা গতবছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়, যেখানে জাল সরকারি পাসপোর্টধারী তিন বাংলাদেশির নাম উল্লেখ করা হয়।

মামলায় বলা হয়েছে, ১৮ জনের বিরুদ্ধে এই জাল পাসপোর্টের প্রমাণ পাওয়া গেলেও দুদকের অনুসন্ধানে মোট ৬৬ জনের জাল পাসপোর্ট থাকার প্রমাণ মিলেছে।

“দুদকের অনুসন্ধানে দেখা যায়, ২০১৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মুনসি মুয়ীদ ইকরামের একটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪২ লাখ টাকা জমা হয়, যার উৎস বিষয়ে আসামি কমিশনের কর্মকর্তাদের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।”