ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে বাড়ির মালিকদের তাগিদ পুলিশের
গুলশান হামলাকারীদের বিভিন্ন আস্তানার খোঁজ রাজধানীতে পাওয়ার প্রেক্ষাপটে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য বাড়ির মালিকদের অনুরোধ করেছে পুলিশ।
জঙ্গি কার্যক্রম প্রতিরোধে বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের গত বছরের শেষ দিকে পুলিশ শুরু করেছিল।
গুলশান ও শোলাকিয়ায় হামলার পর সেই কার্যক্রম আরও গতিশীল করতে সোমবার ভবন মালিকদের প্রতি আহ্বান জানান ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকার বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের অনুরোধ জানাচ্ছে পুলিশ।”
এই ফরম পূরণ করতে বলা হচ্ছে ঢাকার ভাড়াটিয়াদের
তিনি বলেন, “অপরাধী ও জঙ্গিরা বিভিন্ন এলাকায় ভুয়া পরিচয় দিয়ে অনেক সময় বাসা ভাড়া করেন। বেশ কিছু বাসায় পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরকও উদ্ধার করেছে। ভাড়াটিয়াদের সঠিক তথ্য ও ছবি থাকলে যারা ভুয়া পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন, তাদের চিহ্নিত করা সহজ হবে।”
“সন্ত্রাসীরা যদি কখনও বিস্ফোরক ব্যবহার করে থাকে, বাড়ির মালিকও বিপদের মুখে পড়তে পারেন। তাই নগরবাসীর কাছে অনুরোধ করব, তাদের ভাড়াটিয়াদের তথ্য যেন তারা নিকটবর্তী থানায় সরবরাহ করেন,” বলেন তিনি।
রাজধানীর বিভিন্ন মেসের মালিকদেরও সেখানকার বাসিন্দাদের তথ্য সংগ্রহ করে পুলিশের কাছে জমা দেওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।
