ঋণ নিয়ে আত্মসাৎ: ব্যবসায়ী গ্রেপ্তার
ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ৩০ কোটি টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
শফিউল ইসলাম নামে ওই ব্যক্তি বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে টাকা নিয়েছিলেন।
সোমবার দুপুরে রাজধানীর পরীবাগের একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে তাকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক মোরশেদ আলম।
প্রণব জানান, গ্রেপ্তার শফিউল ইসলাম ঢাকার সোনারগাঁও রোডের মেসার্স নাহার গার্ডেন প্রাইভেট লিমিটেড, নাহার প্লাজার ব্যবস্থাপনা পরিচালক।
২০১৩ সালে বেসিক ব্যাংক শান্তিনগর শাখায় প্রতিষ্ঠানটি বন্ধক রেখে এর বিপরীতে ওই ৩০ কোটি টাকা নিয়েছিলেন তিনি।
দুদকের অভিযোগ অনুযায়ী, ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কিছু কর্মকর্তার যোগসাজশে বন্ধকী সম্পত্তির অতিরিক্ত দাম দেখিয়ে শফিউল এই টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০১৫ সালের সেপ্টেম্বরে রাজধানীর পল্টন থানায় মামলা করেছিল কমিশন।
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের দিলকুশা, শান্তিনগর ও গুলশান শাখা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির অভিযোগে ২০১৫ সালের সেপ্টেম্বরে রাজধানীর পল্টন, গুলশান ও মতিঝিল থানায় মোট ১৮টি মামলা করে দুদক।
এসব মামলায় আসামির সংখ্যা ১৫৩ জন। এর মধ্যে ২৬ জন ব্যাংকের এই তিন শাখার কর্মকর্তা।
