২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে মঞ্চের ‘প্রতিরোধ ঘরে ঘরে’

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মাসব্যাপী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 02:04 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সোমবার দুপুরে ‘প্রতিরোধ ঘরে ঘরে’ কর্মসূচি উদ্বোধন করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় মঞ্চের পক্ষ থেকে লিফলেট বিতরণসহ জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালানো হয়।

উদ্বোধনের সময় ইমরান বলেন, এই কর্মসূচির মাধ্যমে জনগণকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অনুপ্রাণিত করা হবে।

“জঙ্গিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তারা দেশবিরোধী, মানবতাবিরোধী এমনকি ধর্মবিরোধী। নিজেদের অপকর্ম ঢাকতে ঢাল হিসেবে তারা ইসলামকে ব্যবহার করছে।”

দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের নিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদবিরোধী স্কোয়াড গঠনের ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

“প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় কমিটি হবে। প্রবাসে যারা আছেন তাদের নিয়েও স্কোয়াড গঠন করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌসসহ গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।