২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেবতী ম্যানসন ভেঙে বহুতল ভবন নির্মাণের আবেদন

ঢাকার আদালতপাড়ার দেড়শ বছরের পুরানো রেবতী ম্যানসন ভেঙে সেখানে একটি বহুতল ভবন নির্মাণের আবেদন করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 06:27 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

গত ২২ জুন আইন মন্ত্রণালয়ের কাছে এ আবেদন করেন ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের মামলার নথিপত্র সংরক্ষণের জন্য রের্কড রুম, অর্থঋণ এবং বিশেষ জজ ও বিভিন্ন আদালতের গাড়ি পার্কিংয়ের স্থান সংকুলান না হওয়ায় এ আবেদন করা হয় বলে জানান জেলা ও দায়রা জজ আদালতের নেজারত বিভাগের প্রধান তারিকুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ২০ জুন প্রধান বিচারপতি ঢাকার নিম্ন আদালত পরিদর্শনে এসে জেলা জজশিপের এ ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণের আশ্বাস দেওয়ায় এ আবেদন করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, আবেদনের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর কাছেও পাঠানো হয়েছে।

রেবতী ম্যানসনে বর্তমানে আটটি এজলাস, মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় রয়েছে।

পুরান ঢাকার কয়েকজন আইনজীবী ভবনটিকে রাউজক ঘোষিত ‘হেরিটেজ ভবন’ বললেও স্থপতি ইনস্টিউটিউটের সভাপতি ও এশিয়া প্যাসিফিক বিভাগের চেয়ারম্যান আবু সাঈদ এম আহমেদ বলেন, রেবতী ম্যানসন কোনো ‘হেরিটেজ তালিকায়’ নেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক পুরান ঢাকার লক্ষ্মীবাজারের এক বাসিন্দা অবসরপ্রাপ্ত আদালত কর্মচারী বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরান ঢাকার জমিদার রেবতী মোহন দাসের নামে করা রেবতী ম্যানসনের বিপরীতে প্রতীকী অর্থে সরকার অর্থাৎ ঢাকার জেলা প্রশাসক আদালতপাড়ার পূবালী ব্যাংকে বছরে ১ টাকা করে খাজনা দেয়।

৪০  বছরের বেশি আইন পেশায় যুক্ত পান্না লাল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খারাপ লাগলেও কিছু করার নেই। ছোটবেলা থেকে দেখে আসা এ ভবন ভেঙে ফেলা হবে জনগণের স্বার্থেই। ”

ভবনটির একটি আদালতের পেশকার ইমরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেবতী ম্যানসন যে কোনো নতুন ভবনের চেয়ে বেশি ভূমিকম্প সহনীয় ও শক্ত-পোক্ত। এজলাসের ছাদ উঁচু হওয়ায় এখানে গরম লাগে কম। যদিও বাস্তবতার কাছে এসবের মূল্য নেই।”