আহসান উল্লাহ মাস্টার হত্যা: ১১ আসামির খালাস স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন
গাজীপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে হাই কোর্টের দেওয়া খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ, যার ওপর মঙ্গলবার চেম্বার আদালতে শুনানি হতে পারে।
ওই ১১ আসামির মধ্যে নিম্ন আদালতের রায়ে সাত আসামির মৃত্যুদণ্ড এবং চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। গত ১৫ জুন হাই কোর্টের রায়ে তারা খালাস পান।
খালাসের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার আবেদনটি জমা দেয় রাষ্ট্রপক্ষ।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ তাদের রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। সাতজনের সাজা কমিয়ে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
নিম্ন আদালতে যাবজ্জীবন পাওয়া ছয় আসামির মধ্যে একজনের ক্ষেত্রে সেই দণ্ডই বহাল থাকে। আর যাবজ্জীবনের পলাতক এক আসামি আপিল না করায় তার ক্ষেত্রেও একই সাজা বহাল রয়েছে।
মৃত্যুদণ্ড পাওয়া অপর দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের বিষয়টি নিষ্পত্তি করে দেয় হাই কোর্ট।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় যে ১১ জনকে খালাস দেওয়া হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আমরা প্রভিশনাল পিটিশন দায়ের করেছি। অপরপক্ষ আজ প্রস্তুত ছিল না বলে আগামীকাল চেম্বার বিচারপতির আদালতে বিষয়টি উঠবে।”
প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার
খালাস পাওয়া ১১
নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হাই কোর্টে খালাস পেয়েছেন, যাদের মধ্যে তিনজন পলাতক ও চারজন কারাগারে আছেন।
পলাতক ওই তিনজন হলেন- ফয়সাল, রনি মিয়া ওরফে রনি ফকির ও খোকন। কারাগারে থাকা বাকি চার আসামি হলেন- আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, লোকমান হোসেন ওরফে বুলু ও দুলাল মিয়া।
নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ছয় আসামিদের মধ্যে কারাগারে থাকা নুরুল আমিনের দণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
কারাগারে থাকা অপর চার আসামি খালাস পেয়েছেন। এরা হলেন- রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর ও মনির।
নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অহিদুল ইসলাম টিপু আপিল করেননি। ফলে নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন দণ্ড তার ক্ষেত্রে বহাল রয়েছে।
অভিযোগপত্রে থাকা দুই আসামি কবির হোসেন ও আবু হায়দার ওরফে মিরপুরইয়া বাবু নিম্ন আদালত থেকেই খালাস পান।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আবেদনে ১৫ জুন হাই কোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। অনেক আসামি এখনও পলাতক। খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। খালাসের ফলে তারা কারামুক্তি পেয়ে আবার পলাতক হতে পারে- এসব বিবেচনায় আবেদন করা হয়েছে।”
মামলা বৃত্তান্ত
২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন।
মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে টঙ্গী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এই সদস্য ছিলেন এলাকায় জনপ্রিয় নেতা।
আহসান উল্লাহ মাস্টার যখন খুন হন, তখন তিনি জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি। পরে তার আসনের সাংসদ হন তার ছেলে জাহিদ আহসান রাসেল।
ওই ঘটনার পরদিন নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে এই মামলায় ওই বছরের ১০ জুলাই ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ২৮ অক্টোবর ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ৩৪ জন এবং আসামিপক্ষে দুজন সাক্ষ্য দেন।
এ মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ২০০৫ সালের ১৬ এপ্রিল রায় ঘোষণা করেন।
ওই রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, খালাস পান দুজন।
নিম্ন আদালতের রায়ের পর ২২ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিল শুনানির জন্য ২০০৫ সালে হাই কোর্টে আসে।
প্রধান বিচারপতি বিষয়গুলো শুনানির জন্য্য বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন বেঞ্চে পাঠালে চলতি বছরের ১৪ জানুয়ারি শুনানি শুরু হয়। ৩৪ দিন শুনানির পর আদালত ১৫ জুন রায় ঘোষণা করে।
এর মধ্য দিয়ে এক যুগ আগে ঘটে যাওয়া নৃশংস ওই হত্যাকাণ্ডের বিচারের পরিসমাপ্তি হয় হাই কোর্টে।
