বাজারে সাঈদ খোকন, ৫ দোকানকে জরিমানা
রোজায় সিটি করপোরেশন নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না তা দেখতে বুধবার পুরান ঢাকার কাপ্তান বাজার ঘুরেছেন মেয়র সাঈদ খোকন।
এ সময় ঢাকা দক্ষিণের মেয়রের সঙ্গে থাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব বিভিন্ন অনিয়মে পাঁচটি দোকানকে জরিমানা করেন।
ঢাকার সব বাজারে সিটি করপোরেশন নির্ধারিত দামে সব পণ্য বিক্রি হচ্ছে না বলে স্বীকার করেন মেয়র সাঈদ খোকন।
তিনি সাংবাদিকদের বলেন, “একথা সত্যি যে সব জায়গায় সিটি করপোরেশনের নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি।”
অভিযানের শুরুতে কাপ্তার বাজারে ‘মায়ের দোয়া’ নামে খাসির মাংসের দোকানে যান মেয়র। সেখানে ঝুলিয়ে রাখা মাংসের গায়ে সিটি করপোরেশনের সিল না থাকায় দোকানদারকে জরিমানা করার নির্দেশ দেন তিনি।
পরে বাদশা মিয়ার মাংসের দোকানে গিয়ে ওজন মাপার যন্ত্রে বিএসটিআইয়ের সিল না থাকায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন মেয়র।
অভিযান চলাকালে একটি দোকান থেকে গরুর মাংস কিনছিলেন ওয়ারি এলাকার বাসিন্দা সাবিনা ইয়াসমিন।
নির্ধারিত দামে মাংস পেয়েছেন কি না-মেয়রের জিজ্ঞাসার জবাবে তিনি বলেন, সিটি করপোরেশনের ঠিক করে দেওয়া দামেই মাংস কিনেছেন।
“মাংসের দাম বাড়ে, আবার কমে। এভাবেই চলছে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শোয়েব জানান, এদিন ‘মায়ের দোয়া’ খাসির মাংসের দোকানকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা, ওজন মাপার যন্ত্রে ত্রুটি থাকায় বাদশা ও কামরুলের মাংসের দোকানকে ১০ হাজার করে জরিমানা করা হয়।
এছাড়া মূল্য তালিকা না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে রওশন হোটেলকে ৪০ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় সালমা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
