২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারও আপস, আর কারও মদদে শক্তি বাড়াচ্ছে জঙ্গিরা’

ক্ষমতার স্বার্থে কেউ জঙ্গিবাদীদের সঙ্গে আপস করছে, আর কেউবা তাদের মদদ দিচ্ছে- এই দুইয়ের ফল হিসেবে বাংলাদেশে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে বলে আইনজীবীদের একটি সংগঠন দাবি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 12:18 AM

Updated : 12 Apr 2022, 02:16 AM

সম্প্রতি বেশ কয়েকটি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সোমবার বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।      

আইনজীবীদের সংগঠনটি বাংলাদেশ ধর্মাশ্রয়ী অপশক্তিকে রক্ষায় পাকিস্তান ও তুরস্কের ‘জঘন্য ভূমিকার’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্ববানও জানিয়েছে।

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান তারিক চৌধুরী বাংলাদেশে জঙ্গি তৎপরতার ইতিহাস তুলে ধরে বলেন, “আমরা সবসময়ই সতর্কবাণী দিয়েছিলাম যে, ধর্মাশ্রয়ী রাজনীতি, বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ ও দুর্নীতি দেশকে চরম নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাবে।

“কিন্তু এতে ক্ষমতাসীন এবং প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো কর্ণপাত করেনি। ক্ষমতাসীনরা কোনো কোনো ক্ষেত্রে ধর্মাশ্রয়ী রাজনীতির সঙ্গে আপস করেছে। অন্যদিকে বিরোধী বিএনপি ধর্মাশ্রয়ী রাজনীতিকে পূর্ণ মদদ দিয়েছে, তাদেরকে রক্ষা করতে চেষ্টা করছে। এর মাশুল দিচ্ছে দেশের নিরীহ মানুষ।”

গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশির পর সন্দেহভাজন জঙ্গিদের হামলার শিকার হন হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু, শিয়া ও আহমদিয়া মুসলিমরা। এরপর সম্প্রতি জঙ্গি দমন অভিযানের নেতৃত্বদাতা এক পুলিশ কর্মকর্তার স্ত্রীও হত্যাকাণ্ডের শিকার হন।

এসব হত্যাকাণ্ডের অধিকাংশ ক্ষেত্রে আইএস কিংবা আল কায়দার নামে দায় স্বীকারের বার্তা এলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশীয় জঙ্গিরাই হত্যাকাণ্ড ঘটিয়ে আন্তর্জাতিক সংগঠনগুলোর নাম ভাঁড়াচ্ছে।

হাসান তারিক বলেন, “পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে খুনের মধ্য দিয়ে সন্ত্রাসীরা রাষ্ট্রকে এই বার্তাই দিয়েছে যে, তাদের কাছে যে কেউই অসহায় এবং যে কেউই তাদের টার্গেটে পরিণত হতে পারে।

“এরপরও কি রাষ্ট্র নীরব বসে থাকবে? আমরা সারাদেশের আইনজীবী সমাজের পক্ষ থেকে এ প্রশ্ন উত্থাপন করতে চাই।”

আদালতকে লক্ষ্য করে জেএমবির হামলার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “ধর্মাশ্রয়ী ‘রাজনৈতিক অপশক্তি’ একসময় সারাদেশে সমস্ত বিচারালয়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। এরাই এখন তৎপর হয়ে উঠেছে।”

বিদেশের মাটিতেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে এই আইনজীবী বলেন, “এদেরকে (জঙ্গি) রক্ষা করার জন্য একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান এবং মুসলিম বিশ্বের একমাত্র ন্যাটো সদস্য তুরস্কের জঘন্য ভুমিকা আমরা এখন প্রত্যক্ষ করছি।”

তাই আন্তর্জাতিক পরিমণ্ডলেও জঙ্গিবাদীদের প্রতিরোধের বার্তা নিয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি আইনজীবী সম্মেলনে গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রতিনিধি দল যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

আগামী ১৭-১৯ জুন নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠেয় এই সম্মেলনে ৩০টি দেশের আইনজীবী ও বিচারকরা অংশ নেবেন বলে হাসান তারিক জানান। বাংলাদেশ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এতে যোগ দেবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ আখতার উল ইসলাম, সম্পাদক তারজেল হসেইন এবং সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা উপস্থিত ছিলেন।