ডব্লিউটিও চুক্তিতে বাংলাদেশের অনুসমর্থন
উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে বাণিজ্য সুবিধা দিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সঙ্গে করা একটি চুক্তিতে অনুসমর্থনের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ডব্লিউটিওর চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ১৯৯৫ সালে মরক্কোতে মারাকেশ চুক্তির মাধ্যমে ডব্লিউটিও প্রতিষ্ঠা করা হয়।
“২০১৩ সালের ৩ থেকে ৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার নবম মিনিস্ট্রিয়াল কনফারেন্স হয়। ওই কনফারেন্সে বাণিজ্যের বিদ্যমান পদ্ধতি সহজীকরণের জন্য একটি খসড়া এগ্রিমেন্ট হয়।”
শফিউল আলম বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুযায়ী এর ১৬২টি সদস্য রাষ্ট্রের দুই তৃতীয়াংশের অনুসমর্থন পেলে এই চুক্তি কার্যকর হবে। বাংলাদেশ ৮২তম অনুসমর্থনকারী রাষ্ট্র।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডব্লিউটিওর ওই চুক্তি কার্যকর হলে আমদানি ও রপ্তানি পণ্যের প্রবাহ ও চলাচল আরও ‘তরান্বিত হবে’।
“উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর বিশেষ প্রয়োজন বিবেচনায় নিয়ে ট্রেড ফ্যাসিলিটেশনে তাদের সক্ষমতা বাড়াতে সহয়তা দেওয়া এবং বিভিন্ন দেশের শুল্ক কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানোই এ চুক্তির উদ্দেশ্য।”
এ চুক্তি কার্যকর হলে বাংলাদেশ কতটুকু লাভবান হবে তা চুক্তি কার্যকরের পর বোঝা যাবে মন্তব্য করে শফিউল বলেন, “উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে বাণিজ্য সুবিধা দেওয়াই এ চুক্তির মূল লক্ষ্য।”
