২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিএর কর্মকর্তাদের আচরণ শোধরাতে বললেন মন্ত্রী

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনেক কর্মকর্তা সেবাগ্রহিতাদের সঙ্গে অসদাচরণ করেন বলে তাদের সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 04:25 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

বিআরটিএর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে শুক্রবার রাজধানীতে এক সভা শেষে মন্ত্রী তাদের শোধরাতে বলেন দেন।

ওই সব কর্মকর্তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “আমি একটি কাজ গ্রাহকদের দিতে পারছি না, সময় লাগবে আমি তাকে বুঝিয়ে বলব। কিন্তু, অনেকে চামারের মতো ব্যবহার করে গ্রাহকের সাথে।

“গ্রাহক হিসেবে অনেক ভদ্রলোক যায়, ভাল ভাল মানুষ যায়। তাদের সাথে খুব খারাপ আচারণ অনেক জায়গায় করা হয়। অনেক অফিসার আছে তাদের আচরণ ভাল নয়, তাদের আচরণ ঠিক করে শুদ্ধাচারে আসতে হবে, খারাপ আচরণ থেকে বিরত থাকতে হবে।”

যুক্তি-বুদ্ধি খাটিয়ে বিআরটিএ কর্মকর্তারা দায়িত্ব পালন করবে এই আশাপ্রকাশ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “এখানে ভাল মানুষও আছে। তবে বিআরটিএর অনিয়ম ৪০ শতাংশ এখনো নিয়ন্ত্রণে আসেনি।

“দালালমুক্ত, হয়রানিমুক্ত বিআরটিএ গড়ে তুলতে হবে।”

ঢাকায় বদলির জন্য বিআরটিএ কর্মকর্তাদের তদবিরের চাপ চরমে উঠেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “এ ব্যাপারে আমি কমপ্রোমাইজ করিনি। তবে মানবিক বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা হবে।

“বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একটি দল ঘুরে ফিরে ঢাকা অঞ্চলে বদলি নিয়ে থাকে। এসব কর্মকর্তাদের বদলি করে মফস্বল থেকে সৎ কর্মকর্তাদের নিয়ে আসতে হবে।”

অনিয়ম প্রতিরোধে বিভিন্ন স্থানে আকস্মিক পরিদর্শনে গেলে পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও কিছু দিনের মধ্যে আগের অবস্থাই ফিরে আসে বলে জানান সড়কমন্ত্রী।

তিনি বলেন, “রাস্তা দখলমুক্ত করা, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা, নসিমন-করিমন তৈরির অবৈধ কারখানা বন্ধ করা হলেও কয়েকদিন পর তা আবার আগের মতো হয়ে যায়। জনগণের উপকার না হওয়ায় কষ্ট পণ্ডশ্রম হয়ে যায়।”

বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।