২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে যানজটপ্রবণ এলাকায় ৯০০ স্বেচ্ছাসেবক

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর আশপাশের যানজটপ্রবণ ১০টি স্থানে ৯০০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 05:00 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

ঈদের আগে পাঁচ দিন এই স্বেচ্ছাসেবকরা পুলিশকে পরিবহন ব্যবস্থাপনায় সহায়তা করবে বলে রোববার জানান তিনি।

ডিজেলের মূল্যহ্রাসে দূরপাল্লার বাসে পুনর্নির্ধারিত ভাড়া কার্যকরে গাবতলী টার্মিনালে পরিচালিত বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, “তিন শিফটে সড়ক স্বেচ্ছাসেবকরা কাজ করবে। প্রতি শিফটে থাকবে ৩০০ জন করে।”

স্কাউটস, বিএনসিসি, এলাকাভিত্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের এ কাজে সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি।

সাভারের নবীনগর মোড়, আশুলিয়ার জিরাব বাজার, ফ্যান্টাসি কিংডমের সামনে, বাইপাইল মোড়ে, গাজীপুরের চন্দ্রা মোড়, কোনাবাড়ি, কালিয়াকৈর মোড়, নারায়ণগঞ্জের কাচপুর, ভুলতা, মেঘনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।

Image
ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজট ঈদের সময় প্রকট আকার নেয় (ফাইল ছবি)

ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজট ঈদের সময় প্রকট আকার নেয় (ফাইল ছবি)

এছাড়া গাজীপুর চৌরাস্তা, টঙ্গী, ভোগড়ায় কমিউনিটি পুলিশ কাজ করবে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অর্থাৎ চন্দ্রা মোড়ের সম্ভাব্য যানজট মোকাবেলায় যাত্রীদের জন্য তিনটি বিকল্প রুট হিসেবে কালিয়াকৈর-ধামরাই সড়ক, আরিচা-ঘিওর-নাগরপুর-টাঙ্গাইল সড়ক এবং কালামপুর-সাটুরিয়া-দেলদুয়ার-টাঙ্গাইল সড়ক ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ছোট আকারের যানবাহনগুলো এ তিনটি বিকল্প রুটে চলাচল করতে পারবে।

ঈদযাত্রায় মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকায় মহিলা ও শিশুদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মহাসড়কের পাশে এবং ফেরিঘাটে অস্থায়ীভিত্তিতে টয়লেট নির্মাণ করা হবে বলে মন্ত্রী জানান।