মুহাম্মাদ আলির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বাণীতে তিনি বলেন, “মুহাম্মাদ আলীর মৃত্যু ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
রাষ্ট্রপতি ‘সর্বকালের সেরা’ ক্রীড়াবিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বক্সার মুহাম্মদ আলী অ্যারিজোনার ফিনিক্সের একটি হাসপাতালে শুক্রবার ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আলি। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিদায় নেন তিনি। জন্মস্থান কেন্টাকির লুয়াভিলে আলির শেষকৃত্য অনুষ্ঠান হবে।
১৯৮১ সালে বক্সিং থেকে অবসর নেওয়ার তিন বছর পর থেকেই পারকিনসন্স রোগে ভুগছিলেন তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন আলি। কয়েক বছর ধরে তার অবস্থার আরও অবনতি হয়।
