রাষ্ট্র শক্ত হতে পারছে না: সুলতানা কামাল
রাষ্ট্রের যে কার্যকর ভূমিকা থাকার কথা, বাংলাদেশে তার অনুপস্থিতি রয়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
শনিবার এক সম্মেলনে ‘ইমপ্লিমেন্টেশন অব পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন : চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটিজ’ শীর্ষক এক সম্মেলনে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে পরিবেশ আইনবিদ সমিতির-বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইয়াসমিন সুলতানা বক্তব্য রাখেন।
সুলতানা কামাল (ফাইল ছবি)
এই শিল্পের ভয়াবহতার দিক বুঝতে পেরে আদালত এই শিল্পকে সঙ্কুচিত করতে অনুমোদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিলেও সরকার রাতারাতি সব ডককে অনুমোদন দিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
রিজওয়ানা বলেন, “ট্যানারি শিল্পকে পরিবেশ রক্ষা করে বাণিজ্যিকভাবে লাভবান করা যাবে কি না, আমার উত্তর হবে হ্যাঁ। জাহাজ নির্মাণ শিল্পকে পরিবেশ রক্ষা করে বাণিজ্যিকভাবে লাভবান করা যাবে কি না, আমার উত্তর হবে না।”
এরপর যুগ্ম সচিব ইয়াসমিন সুলতানা তার বক্তব্যে এই শিল্পকে বন্ধ না করে পরিবেশগত পরিস্থিতি উন্নয়ন করে টিকিয়ে রাখা যায় বলে অভিমত দেন।
তাদের বক্তব্যের পর সুলতানা কামাল বলেন, “শিল্প মন্ত্রণালয়ের (যুগ্ম সচিব) ইয়াসমিন সুলতানার বক্তব্য শুনছিলাম। তিনি বারবারই বলছিলেন, এটা বন্ধ করা সমীচীন হবে না। কেন সমীচীন হবে না? আমরা জানি এটা বিষাক্ত, অন্যায়, মানুষের নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে। সেটা কেন বন্ধ করতে পারব না?
“আসলে আমরা এটা বন্ধ করতে পারছি না। কারণ এটা চালু রাখার বিষয়ে অনেক বড় বড় মানুষের স্বার্থ জড়িত। যারা নানাভাবে আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে।”
“একটা সময়ে আমরা আদর্শগতভাবে বিশ্বাস করতাম, রাজনীতি সব কিছুকে নিয়ন্ত্রণ করবে। এখন দেখা যাচ্ছে, অন্য অনেক স্বার্থ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। যার ফলে রাষ্ট্রের যে শক্ত ভূমিকাটা নেওয়া উচিৎ, যে কার্যকর ভূমিকা নেওয়া উচিৎ, রাষ্ট্র সেটা নিতে পারে না।”
এসব নিয়ে সমালোচনা করলে সরকারের কর্তাব্যক্তিরা ‘ক্ষুব্ধ’ হন মন্তব্য করে সুলতানা কামাল বলেন, “রাষ্ট্র ছাড়া আর কার কাছে বলব, আমাদের তো কোনো এখতিয়ার নেই। আমরা শুধু গলাই চড়াতে পারি, আমরা শুধু দাবিই জানাতে পারি। আমরা খালি পরামর্শই দিতে পারি। এখতিয়ার তো শুধু রাষ্ট্রের হাতে।
“রাষ্ট্রের হয়ে সরকার সেটা করবে। সেই জন্যই রাষ্ট্রকে পিন পয়েন্ট করতে হবে যে, তারা করছে না।”
একই অনুষ্ঠানের অন্য একটি সেশনে উচ্চ আদালতে মানুষকে আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত আইন বিষয়ে কথা বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক।
আপিল বিভাগে যাওয়ার আগ পর্যন্ত বিচারপতি নিজামুল হক সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ছিলেন।
তিনি বলেন, “আমি প্রথম দিন থেকেই এই আইনের কিছু কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছি। শেষ দিন পর্যন্ত সেটা বলেছি।
“ওখানে বলা আছে, ফৌজদারি মামলার ক্ষেত্রে আপিল চলবে, জামিন ও মামলা বাতিলের আবেদন করা যাবে না। তাহলে সুপ্রিম কোর্টে আইনগত সুবিধা পেতে মানুষ আসবে, তার লোক কারাগারে আছে, তার জন্য জামিন চাইতে পারবে না। এই আইনগত সহায়তার কোনো অর্থ আমি বুঝিনি।”
“যাকে গ্রেপ্তার করা হয়েছে, দেখা যাচ্ছে, লিগ্যালি বা ফ্যাকচুয়ালি তার বিরুদ্ধে মামলা চলে না। তাহলে তিনি মামলার বাতিলের আবেদনে আইনগত সহায়তা দেওয়া যাবে না। এটারও অর্থ বুঝিনি।”
আইন পেশায় থাকার সময় মানবাধিকার নিয়ে সক্রিয় থাকা নিজামুল হক বলেন, “আপিল বিভাগের বিচারক হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা কী বলব, হিসাব করে বলতে হয়। আর ১০ মাস চাকরি আছে আমার। আশা করি, ১১ মাস থেকে আমি আমার মুখ খুলব।”
আপিল বিভাগের আরেক বিচারপতি মো. ইমান আলীও অনুষ্ঠানে পৃথক একটি সেশনে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “আমরা বিভিন্ন মামলার স্বতপ্রণোদিত রুল দিয়ে কাজ করেছি।
“আপনারা যদি ফলো আপ না করেন, আদালত আপনাদেরকে সহায়তা করতে পারবে না। আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম যে, আমাদের দেশে শিশু ন্যায়পাল হবে, চাইল্ড কমিশনার হবে। ন্যায়পাল বাদ দেওয়া হল। কমিশনারও বাদ পড়ে গেছে। কে কাজ করবে?”
সুপ্রিম কোর্টের উদ্যোগে শিশুদের অধিকার নিশ্চিতে একটা বিচারিক কমিটি করা হয়েছে জানিয়ে তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা চান এই বিচারপতি।
