বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রোয়ানু
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে বাড়ানো হয়েছে সতর্কতার মাত্রা।
বৃহস্পতিবার সকালে বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা থেকে গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘রোয়ানু’। মালদ্বীপ এ নামটি প্রস্তাব করেছিল। স্থানীয় ভাষায় এর অর্থ নারকেলের ছোবড়ার দড়ি।
এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশে সাগর খুবই উত্তাল রয়েছে জানিয়ে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
