যুদ্ধাপরাধ: লিয়াকত-রজবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় দুই আসামির বিরুদ্ধে সাত অভিযোগ আমলে নিয়ে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই দুই আসামি হলেন- হবিগঞ্জের মো. লিয়াকত আলী (৬১) ও কিশোরগঞ্জের আমিনুল ইসলাম ওরফে রজব আলী (৬২)।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এসব অভিযোগ আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়।
প্রসিকিউশনের পক্ষে এ সময় রানা দাশ গুপ্ত, রেজিয়া সুলতানা চমন ও তাপস কান্তি বল আদালতে উপস্থিত ছিলেন।
পরে রেজিয়া সুলতানা চমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর পলাতক ওই দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। আদালত শুনানি নিয়ে তা মঞ্জুর করেছে।
আগামী ২১ জুন পরবর্তী আদেশের জন্য বিষয়টি তালিকায় আসবে।
সাত অভিযোগ
প্রথম অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর লিয়াকত ও রজব রাজাকার ও পাকিস্তানি সেনাদের নিয়ে লাখাই থানার কৃষ্ণপুর গ্রামে গণহত্যা, লুটপাটের ঘটনা ঘটান।
ওইদিন কৃষ্ণপুর গ্রামে নৃপেণ রায়ের বাড়িতে রাধিকা মোহন রায় ও সুনীল শর্মাসহ ৪৩ জন হিন্দুকে গুলি করে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে হবিগঞ্জের লাখাই থানার চণ্ডিপুর গ্রামে গণহত্যা ও লুটপাট, তৃতীয় অভিযোগে লাখাই থানার গদাইনগর গ্রামে গণহত্যা ও লুটপাট, চতুর্থ অভিযোগে অষ্টগ্রাম থানার সদানগর গ্রামে শ্মশানঘাটে হত্যা ঘটনার কথা বলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ফান্দাউক গ্রামের বাচ্চু মিয়াকে অপহরণ এবং রঙ্গু মিয়াকে অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে পঞ্চম অভিযোগে।
ষষ্ঠ অভিযোগে অষ্টগ্রাম থানার সাবিয়ানগর গ্রামে চৌধুরী বাড়িতে হত্যা ও সপ্তম অভিযোগে সাবিয়ানগর গ্রামে খাঁ বাড়িতে হত্যার বিষয়ে বলা হয়েছে।
দুই আসামি
তদন্ত সংস্থার তথ্য অনুসারে, একাত্তরে লিয়াকত ব্রাহ্মণবাড়িয়া কলেজের ছাত্র ছিলেন। মুসলিম লীগের সদস্য হিসেবে ফান্দাউক ইউনিয়নে রাজাকারের দায়িত্বে ছিলেন তিনি।
তদন্ত সংস্থা জানায়, স্বাধীনতার পর দীর্ঘদিন পালিয়ে থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে দলটির লাখাই থানা কমিটির সভাপতি হয়েছিলেন লিয়াকত।
বর্তমানে তিনি ওই পদে নেই। মামলার তদন্তকালেই লিয়াকত পালিয়ে যান বলে প্রসিকিউশনের ভাষ্য।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আলীনগর গ্রামের রজব আলী ১৯৭০ সালে ভৈরব হাজী হাসমত আলী কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় ইসলামী ছাত্র সংঘের কলেজ শাখার সভাপতি হন।
মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে ভৈরবে পাকিস্তানি সেনা ক্যাম্পে তিনি অস্ত্র প্রশিক্ষণ নেন এবং পরে এলাকায় ফিরে আল বদর বাহিনী গঠন করেন।
তদন্ত সংস্থা বলছে, দেশ স্বাধীন হওয়ার সময় মুক্তিযোদ্ধাদের হাতে আটক হয়েছিলেন রজব। ১৯৭২ সালে তার বিরুদ্ধে দালাল আইনে তিনটি মামলাও হয়েছিল, যাতে তার যাবজ্জীবন সাজা হয়।
১৯৮১ সালে রজব ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। এরপর তিনি ‘আমি আল বদর বলেছি’ নামে একটি বইও প্রকাশ করেন।
ওই বইয়ে রজবের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত অভিযোগের আত্মস্বীকৃতি প্রকাশ পেয়েছে বলে তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
