ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি ১৪ দলের
নারায়ণগঞ্জে লাঞ্ছনার পর বরখাস্ত করা স্কুল শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভার পর জোট মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম এ দাবি তুলে ধরেন।
তিনি সাংবাদিকদের বলেন, “একটি অজুহাতকে কেন্দ্র করে শিক্ষককে অপমান-অপদস্ত করার পর চাকরিচ্যুত করে অন্যায় করা হয়েছে। আমি মনে করি সেই শিক্ষককে চাকরিতে পুনর্বহাল করা উচিত।”
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষককে একদল লোক মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান।
দেশজুড়ে এ ঘটনার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবির মধ্যে মঙ্গলবার উল্টো ওই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ।
শিক্ষককে কান ধরিয়ে উঠ-বস করানোয় সাংসদ সেলিম ওসমানের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “সংসদ সদস্য যে কাজটি করেছে তার মর্যাদা সে রক্ষা করতে পারে নাই। সংসদ সদস্য হিসেবে উনি যে ভূমিকা রেখেছেন তা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। বরং অন্য সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন।”
সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “হত্যা-চক্রান্তের মাধ্যমে বিএনপির জন্ম। বিএনপি এখনও চক্রান্ত করে যাচ্ছে। বিএনপির এক নেতা মোসাদের মতো জঘন্য গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন সরকারকে উৎখাত করার জন্য।
“ইসরায়েল লক্ষ লক্ষ্য ফিলিস্তিনিকে হত্যা করেছে, করে যাচ্ছে। সেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির নেতা বৈঠক করে চক্রান্ত করছে, যাকে প্রকাশ্যে সমর্থন করছে বিএনপি।”
মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)
নাসিম বলেন, “১৪ দল মনে করে তুরস্ক থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে এটা দুঃখজনক। তুরস্ক একদিন লক্ষ লক্ষ আরমেনিয়ানদের হত্যা করেছিল। তারা আজকে বাংলাদেশের বিষয়ে মানবতার কথা বলে।
“বাংলাদেশ একাত্তরের মানবতাবিরোধীদের বিচার করছে। এ বিষয়ে তুরস্ক বা পাকিস্তান যেই হোক না কেন মন্তব্য করার ক্ষেত্রে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি।”
সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আগামী ২৪ মে সারা দেশের জেলায় জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।
ওই দিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে মূল সমাবেশ হবে এবং ১৪দলের কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত থাকবেন বলে নাসিম জানান।
বৈঠকে ধানের ন্যায্য মূল্য নির্ধারণের জন্য কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। এছাড়া গণপরিবহনের ভাড়া কমানোর উদ্যোগ নেওয়ারও দাবি জানানো হয়।
সংবদ সম্মেলনে অন্যদের মধ্যে হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, অপর অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদ আহ্বায়ক রেজাউর রশীদ খান উপস্থিত ছিলেন।
