খিলগাঁওয়ে টেক্সটাইল কর্মকর্তার লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ে এক টেক্সটাইল কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে খিলগাঁওয়ের আমিন মোহাম্মদ প্রকল্প এলাকায় মনিরুল ইসলামের (৩৫) লাশ পাওয়া যায় বলে খিলগাঁও থানার ওসি মাইনুল ইসলাম জানান।
সায়েম টেক্সটাইলের সেলস বিভাগের সহকারী ব্যবস্থাপক ছিলেন মনিরুল। তার গ্রামের বাড়ি কুমিল্লা সদর থানায়।
মনিরুল খুন হয়েছেন নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারছে না পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার গাড়িচালককে আটক করা হয়েছে।
“নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক দিয়ে রক্ত ঝরার দাগ রয়েছে,” বলেন ওসি মাইনুল।
মনিরুলের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাতে খিলগাঁও চৌধুরীপাড়ার বাসা থেকে প্রাইভেটকার নিয়ে সবুজবাগের নন্দীপাড়ার উদ্দেশ্যে বের হন মনিরুল।
এক সময় তার গাড়িচালক বাসায় ফোন করে জানান, নন্দীপাড়ায় গাড়ি থামিয়ে একটি গলিতে ঢোকার পর অনেকক্ষণ পেরিয়ে গেলেও মনিরুল ফিরে আসেননি।
“পরে মনিরুলের স্ত্রী তার মোবাইলে বার বার ফোন করেও তা বন্ধ পেয়ে পরে সবুজবাগ থানায় একটি জিডি করেন।”
সকালে নন্দীপাড়া থেকে প্রায় এক কিলোমিটার দূরে মনিরুলের লাশ পাওয়া যায়।
তার গাড়িচালক আবু সাইদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেন ওসি মাইনুল জানান।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
